বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ইরানের বিভিন্ন অঞ্চলে মার্কিন বাহিনী হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এ হামলা পরিচালনা করা হয়।

নয়া দিগন্ত অনলাইন

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সাথে হরমুজ প্রণালীতে দুটি ট্যাংকার জাহাজেও হামলার কথা জানিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)।

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ইরানের বিভিন্ন অঞ্চলে মার্কিন বাহিনী হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এ হামলা পরিচালনা করা হয়।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল-জাবের বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া হরমুজ প্রণালীতে দুটি ট্যাংকার জাহাজে হামলা করা হয়েছে, যেগুলো অবৈধভাবে প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল বলে দাবি করেছে তারা।

অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে নতুন করে হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, ইরানের আগ্রাসনের জবাব দিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হরমুজ প্রণালীর কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিকসহ বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটেছে। এছাড়া কারগান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে অন্তত দুজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আইআরজিসি দাবি করেছে, গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছিল, ওয়াশিংটন তা বারবার লঙ্ঘন করেছে। এ অবস্থায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা।

এর আগে গত সোমবার হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। ইরান সেটি ভূপাতিত করেছে—এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র হামলা চালায়। এরপর ইরানও পাল্টা পদক্ষেপ নেয়। ফলে টানা দ্বিতীয় দিনের মতো হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটল।

এর আগে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। তবে ইরানই সেই প্রক্রিয়া বিলম্বিত করছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, দ্রুত চুক্তি না হলে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

সূত্র: আল-জাজিরা।