হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে ওমানের সাথে ইরানের বৈঠক

বৈঠক শেষে স্পিকার বাকের কালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না এবং আন্তর্জাতিক আইন মেনে ইরানই এটি পরিচালনা করবে।

নয়া দিগন্ত অনলাইন
মাস্কটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়িদ বদর বিন হামাদ আল-বুসাইদির (ডানে) সাথে বৈঠকে ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের কালিবাফ
মাস্কটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়িদ বদর বিন হামাদ আল-বুসাইদির (ডানে) সাথে বৈঠকে ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের কালিবাফ |প্রেসটিভি

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ব্যবস্থাপনায় নতুন এক সমঝোতা নিয়ে ওমানের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে ইরান। এই উঁচু পর্যায়ের বৈঠকে অংশ নিতে সুইজারল্যান্ড সফর এবং তেহরানে সংক্ষিপ্ত বিরতি শেষে সোমবার সন্ধ্যায় ওমানের মাস্কাটে পৌঁছান ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। তার সাথে এই রাষ্ট্রীয় সফরে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বৈঠক শেষে স্পিকার বাকের কালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না এবং আন্তর্জাতিক আইন মেনে ইরানই এটি পরিচালনা করবে।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা এবং প্রতিবেশীসুলভ সুসম্পর্ক আরো জোরদার করতে এই বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়িদ বদর বিন হামাদ আল-বুসাইদি জানান, তেহরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া সাম্প্রতিক সমঝোতা স্মারক, বিশেষ করে হরমুজ প্রণালী সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বাকের কালিবাফ ও আব্বাস আরাগচির সাথে তাদের গঠনমূলক আলোচনা হয়েছে। ওমান আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার পাশাপাশি এই রুটে জাহাজের নিরাপদ চলাচলের ওপর জোর দিয়েছে।

মূলত বিশ্বজুড়ে তেল সরবরাহের অন্যতম প্রধান মাধ্যম এই সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে যখন আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে, তখনই প্রতিবেশী ওমানের সাথে এই নতুন ব্যবস্থাপনার সমন্বয় করতে নেমেছে ইরান।

এই বিশেষ বৈঠকটিতে বর্তমান কূটনৈতিক সুযোগকে কাজে লাগিয়ে শান্তি ফিরিয়ে আনা এবং আন্তর্জাতিক আইন ও সুপ্রতিবেশীসুলভ নীতির ভিত্তিতে অঞ্চলের স্থিতিশীলতা রক্ষার তাগিদ দেয়া হয়েছে। দুই পক্ষই মনে করে, এ যৌথ সহযোগিতা উত্তেজনা কমানোর পাশাপাশি হরমুজ প্রণালী ও আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।

গুরুত্বপূর্ণ এ বৈঠকে ওমানের বিশেষ রাষ্ট্রদূত শেখ আবদুলআজিজ বিন আবদুল্লাহ আল-হিনাই, ওমানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মুসা ফারহাং এবং দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান সরকারের মধ্যস্থতায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এই চুক্তির মাধ্যমে তার অবসান ঘটতে যাচ্ছে। এই ঐতিহাসিক চুক্তির আওতায় হরমুজ প্রণালী আবারো খুলে দেয়া এবং পরবর্তী আলোচনার সাপেক্ষে ইরানের ওপর থেকে ধাপে ধাপে সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র : প্রেসটিভি