কাতারের মরহুম সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানাতে দোহা সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দু’দিন পর বুধবার তার এ সফর অনুষ্ঠিত হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করা শেখ হামাদ বিন খলিফা আল থানি গত রোববার মারা যান। তার মৃত্যুতে শোক প্রকাশ এবং কাতারের শীর্ষ নেতৃত্বের প্রতি সমবেদনা জানাতেই দোহা সফর করেন আরাগচি।
এ সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে শুরু হওয়া সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গত এপ্রিলের যুদ্ধবিরতির পর দুই দেশের সম্পর্ক আবারও চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় পৌঁছেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর নতুন করে সংঘাত শুরু হয়। এর জবাবে ইরান ইসরাইল এবং পারস্য উপসাগরজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলা চালায়।
সাম্প্রতিক এই সঙ্ঘাতের কারণে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে গত মাসে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা স্মারকের ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে পড়েছে।
এদিকে চলতি মাসের শুরুতে পারস্য উপসাগরে কয়েকটি জাহাজে হামলার ঘটনা ঘটে। এ হামলার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরো বেড়ে যায়।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টার জবাবে মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। অন্যদিকে কাতার, যেখানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক ঘাঁটি অবস্থিত, জানিয়েছে রোববার ইরানের হামলার লক্ষ্যবস্তু ছিল দোহা।
সূত্র: এএফপি



