প্রায় পাঁচ মাস স্থগিত থাকার পর ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। রোববার (৫ জুলাই) দোহায় নিযুক্ত ইরানের বাণিজ্যিক উপদেষ্টা আব্বাস আবদোলখানি রাষ্ট্রীয় গণমাধ্যমকে এ তথ্য জানান।
গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতে চার মাসব্যাপী সঙ্ঘাতের পর শত্রুতার অবসানের ঘোষণা দেয়া হয় এবং উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ-পূর্ববর্তী সামুদ্রিক চলাচলে ফিরে আসার নির্দেশ দেয়া হয়। তবে উপসাগরে প্রবেশ ও প্রস্থান নিয়ে এখনো বিতর্ক রয়েছে।
আব্বাস আবদোলখানি বলেন, দোহায় অবস্থিত ইরানি দূতাবাস এবং কাতারি কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের পর ইরানের দায়ের বন্দর এবং কাতারের আল-রুওয়াইস বন্দরের মধ্যে জাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে।
ভৌগোলিকভাবে বিপরীত দিকে অবস্থিত এই দু’টি বন্দর মূলত আঞ্চলিক বাণিজ্যের জন্য ব্যবহৃত হয়। যুদ্ধের সময় দায়ের বন্দরটি বেশ কয়েকবার লক্ষ্যবস্তু হয়েছিল।
সূত্র: মিডল ইস্ট আই



