শত্রুদের বিরুদ্ধে সফল হয়েছে ইরানি জাতির ইচ্ছা

ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টার বলেছে, শত্রুদের বিরুদ্ধে ইরানি জাতির ইচ্ছা সফল হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সাম্প্রতিক যুদ্ধ চলাকালীন তেহরানের এঙ্গেলাব চত্বরে লোকজন
সাম্প্রতিক যুদ্ধ চলাকালীন তেহরানের এঙ্গেলাব চত্বরে লোকজন |সংগৃহীত

ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টার বলেছে, শত্রুদের বিরুদ্ধে ইরানি জাতির ইচ্ছা সফল হয়েছে। সোমবার (১৫ জুন) ভোরে এক বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এই গৌরবময় বিজয়ের জন্য ইরানের জনগণকে অভিনন্দন জানিয়েছে।

একইসাথে তারা ১০০ দিনেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে সশস্ত্র বাহিনী এবং প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধাদের অবিচল সংকল্পের ভূয়সী প্রশংসা করেছে।

ইরানের শীর্ষ সামরিক কমান্ড জানিয়েছে, মহান আল্লাহর অনুগ্রহে এবং ইরানের ইসলামী বিপ্লবের নেতার নির্দেশনায় দেশটির জনগণ ও তাদের যোদ্ধারা প্রমাণ করেছে যে হতভাগ্য মার্কিন ও জায়নবাদী শত্রুদের পরাজয় মেনে নেয়া এবং আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো পথ ছিল না।

ইরানের শীর্ষ সামরিক কমান্ড জোর দিয়ে বলেছে, ইরানি জাতির এই খোদাভীরু ও দৃঢ় সংকল্প এখন যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে একটি অভেদ্য প্রাচীর হিসেবে দাঁড়িয়েছে এবং এটিই প্রমাণ করে যে প্রতিরোধই বিজয়ের একমাত্র পথ।

এই বিবৃতিটি এমন এক সময়ে এলো যার কিছু সময় আগেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার বিষয়টি ঘোষণা দিয়েছে।

বিনা উসকানিতে মার্কিন-ইসরাইল জোট এক তরফাভাবে ইরানের বিরুদ্ধে অবৈধ আগ্রাসী যুদ্ধ শুরুর প্রায় ১১০ দিন পর এই চুক্তিটি হলো। এপ্রিলের শুরুতে একটি যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও আগ্রাসনকারীরা সামুদ্রিক সন্ত্রাস এবং লেবাননে হামলা চালিয়ে আসছিল।

ইরান বরাবরই জোর দিয়ে আসছিল যে যুদ্ধ অবসানের এই চুক্তিতে অবশ্যই সব ফ্রন্টকে অন্তর্ভুক্ত করতে হবে এবং জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে।

সূত্র: প্রেসটিভি