হরমুজ প্রণালী সমঝোতা বাস্তবায়ন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পালনের ওপর নির্ভরশীল : গারিবাবাদি

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ইরান ও ওমানের মধ্যে যে সমঝোতা হয়েছে, তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না। এই সমঝোতা বাস্তবায়ন নির্ভর করবে অপর পক্ষের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণের ওপর।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি |সংগৃহীত

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ইরান ও ওমানের মধ্যে যে সমঝোতা হয়েছে, তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না। এই সমঝোতা বাস্তবায়ন নির্ভর করবে অপর পক্ষের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণের ওপর।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত শর্ত ও প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হলেই ইরানও হরমুজ প্রণালী নিয়ে নিজস্ব পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে। তারা কোনো পদক্ষেপ না নিলে হরমুজ প্রণালী খুলে দেয়ার ক্ষেত্রে ইরানেরও কোনো তাড়াহুড়ো নেই। বরং দেশ রক্ষা এবং শত্রুদের মোকাবেলায় ইরান তার কার্যক্রম চালিয়ে যাবে। ইরান সবসময় যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।

নতুন মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে গারিবাবাদি বলেন, শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার বিষয়ে নেয়া সাম্প্রতিক পদক্ষেপ কোনো নতুন বিষয় নয়। এ পরিস্থিতির জন্যও ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র যদি কূটনীতির টেবিলে ফিরে আসতে চায়, তাহলে তাদের জানা উচিত যে ইসলামাবাদ সমঝোতা ইরান লঙ্ঘন করেনি। বরং গত ১৬ মাসে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রই কূটনীতি ও আলোচনার টেবিলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।

হরমুজ প্রণালী দিয়ে কিছু জাহাজ অবাধে চলাচল করছে—এমন দাবিও অস্বীকার করেন গারিবাবাদি।

তিনি বলেন, হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ রয়েছে। কোনো জাহাজ এই পথ দিয়ে চলাচল করলে তা অবশ্যই ইরানের সাথে সমন্বয় ও অনুমোদনের মাধ্যমে হচ্ছে।

গারিবাবাদি জানান, ইরানের সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালীর যেকোনো তৎপরতার ওপর পূর্ণ নজরদারি রাখছে এবং তাদের দায়িত্ব সর্বোত্তমভাবে পালন করছে।

সূত্র : পার্সটুডে