সহিংসতা বন্ধে নেতানিয়াহুকে চাপ দিন : ট্রাম্পকে ইসরাইলের সাবেক কর্মকর্তাদের বার্তা

সাবেক সেনা, গোয়েন্দা সংস্থা মোসাদ, শিন বেত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অধিনায়কদের সংগঠন 'ইসরাইলি সিকিউরিটি লিডার্স' এই চিঠিটি পাঠায়।

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এক জরুরি বার্তা পাঠিয়েছেন ইসরাইলের প্রায় ৬০০ জন সাবেক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা। পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে নেতানিয়াহুর মন্ত্রিসভাকে চাপ দিতে তারা ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইরানের ছাত্র বার্তা সংস্থা ইসনা সোমবার (২৭ জুলাই) জানায়, সাবেক সেনা, গোয়েন্দা সংস্থা মোসাদ, শিন বেত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অধিনায়কদের সংগঠন 'ইসরাইলি সিকিউরিটি লিডার্স' এই চিঠিটি পাঠায়। তাদের আশঙ্কা, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের এই তাণ্ডবের পরিণতি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের দুঃসাহসিক অভিযানের চেয়েও 'অধিক ভয়াবহ' হতে পারে।

চিঠিতে ট্রাম্পকে উদ্দেশ্য করে তারা লেখেন, 'একমাত্র আপনিই পারেন এই ভয়াবহ বিপর্যয় ঠেকাতে। আমরা আশা করি, আপনি ইসরাইলি মন্ত্রিসভাকে একটি পরিষ্কার ও চূড়ান্ত বার্তা দেবেন।' হোয়াইট হাউস ছাড়াও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কাছেও বার্তাটি পাঠানো হয়েছে।

ইসরাইলি সংবাদ মাধ্যম ওয়ালা গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে, পশ্চিম তীরের পরিস্থিতি এখন অত্যন্ত 'বিস্ফোরণমুখ'। নাবলুস প্রদেশের 'তেল' শহরে বসতি স্থাপনকারীদের হামলায় চারজন ফিলিস্তিনি শহীদ ও দুইজন ইসরায়েলি নিহত হওয়ার পর সেখানে এক বড় সামরিক অভিযানের পরিকল্পনা করা হয়েছিল। তবে ওয়াশিংটনে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকে এই সংকট যেন মূল আলোচনা নস্যাৎ করতে না পারে, সেজন্য নেতানিয়াহুর সফর শেষ না হওয়া পর্যন্ত অভিযানটি পিছিয়ে দেয়া হয়েছে।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হামলা ও বসতি স্থাপনকারীদের সহিংসতায় ১,১৮২ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ, প্রায় ১৩,০০০ জন আহত এবং প্রায় ২৪,০০০ ফিলিস্তিনি গ্রেফতার হয়েছেন। কেবল চলতি বছরেই সেখানে ৮৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।