ইয়েমেনের হাউছি গোষ্ঠী হাদরামৌত ও মারিব প্রদেশে অবস্থিত ইয়েমেনি সামরিক শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৩০ সেনা নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ইয়েমেনি বাহিনীর পরিচালিত কিছু ঘাঁটিসহ সামরিক স্থাপনাগুলোতে এই হামলা চালানো হয়।
হামলাগুলো দেশটির গৃহযুদ্ধে বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনে সহিংসতা বৃদ্ধির পর এই হামলাগুলো চালানো হলো।
হাউছির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় ‘শত শত’ হতাহতের ঘটনা ঘটেছে।
দেশটির সামরিক বাহিনী এই হামলার কথা নিশ্চিত করেছে এবং এটিকে হাউছিদের ওপর তাদের নিজেদের হামলার জবাব বলে অভিহিত করেছে।
ইয়েমেনের সামরিক সূত্র জানিয়েছে, হাউছিরা মারিবের উত্তরে অবস্থিত আল-জাওফ প্রদেশ থেকে হাদরামৌতের আল-থিনিয়া ও আল-আবর এবং মারিবের আল-রুক এলাকাকে লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইয়েমেনের সর্বশেষ যুদ্ধ শুরু হয়েছিল ২০১৪ সালে, যখন হাউছিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। পরের বছর সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপ শুরু হয়, কিন্তু তারা হাউছিদের পুরোপুরি পরাজিত করতে পারেনি।
সূত্র: আল জাজিরা



