ইরানের বিরুদ্ধে নিজেদের কোনো লক্ষ্যই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল অর্জন করতে পারেনি, বরং তাদের সব চেষ্টা পুরোপুরি বানচাল হয়ে গেছে, ঘোষণা করেছেন দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।
তুর্কি সংবাদমাধ্যম আনদোলুম ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে এক প্রতিবেদনে রোববার (৯ আগস্ট) এ খবর প্রকাশ করে ।
খবরে বলা হয়, তেহরানের 'মোহাম্মদ রাসুলুল্লাহ কোর'-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাদেহ ২৭তম মোহাম্মদ রাসুলুল্লাহ ডিভিশনের আধুনিকায়িত বিমান প্রতিরক্ষা ব্যাটালিয়নের সামরিক প্রস্তুতি পরিদর্শনে যান। সেখানে তিনি বলেন, ইরানের 'জনগণভিত্তিক শক্তি এবং (ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসির আওতাধীন স্বেচ্ছাসেবক আধা-সামরিক) বাসিজ বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি' দেশকে আজ মধ্যপ্রাচ্য তথা বিশ্বের অন্যতম প্রধান শক্তিতে রূপ দিয়েছে।
ইরানি এই কমান্ডার বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি নেতারা একের পর এক ব্যর্থতার মুখে পড়েছেন। টানা এই ব্যর্থতার কারণে নিজেদের দেশের মানুষ, বুদ্ধিজীবী কিংবা বিশ্বজনমতের সামনে দাঁড়িয়ে উত্তর দেওয়ার মতো কোনো জবাব এখন আর তাদের কাছে নেই।
পরিদর্শন শেষে হাসান জাদেহ আরো জানান, পরিদর্শনের মাধ্যমে ২৭তম মোহাম্মদ রাসুলুল্লাহ ডিভিশনের বিশাল সামরিক সক্ষমতা ও প্রস্তুতির কেবল একটি ছোট অংশই প্রকাশ করা হয়েছে। যেকোনো আগ্রাসন রুখে দিতে তাদের বাহিনী সব দিক থেকে প্রস্তুত রয়েছে।



