দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩০ জন বেসামরিক নাগরিক এবং ৭ জন ইরানি সেনা সদস্য। কয়েক দিনের এই ভয়াবহ হামলায় আহত হয়েছেন আরও ২৬০ জন। বুধবার (১৪ জুলাই) আল জাজিরা এবং ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, শত্রুদের নতুন দফার এই হামলায় ২৬০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জন নারী এবং ১৮ বছরের কম বয়সী ৬ জন শিশু রয়েছে। হামলায় নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে দুর্ভাগ্যবশত ২ জন নারী। তবে, আহতদের মধ্যে ২২২ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের সুস্থতার জন্য দোয়া করতে বলেছেন এই কর্মকর্তা।
এদিকে, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই হামলা মূলত দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইরানশাহরেরবামপুর গ্যারিসন বা ব্যারাকে চালানো হয়। সেখানে মার্কিন বাহিনী ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় সেনাবাহিনীর ৩৮৮ নম্বর ব্রিগেডের ৭ জন সদস্য নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। মার্কিন বাহিনী সর্বোচ্চ ক্ষয়ক্ষতির উদ্দেশ্যে ব্যারাকের একটি গেস্টহাউস, গার্ড পোস্ট এবং থাকার জায়গাকে নিশানা করে এই হামলা চালায়। তবে সুরক্ষামূলক ব্যবস্থার কারণে হতাহতের সংখ্যা কম রাখা সম্ভব হয়েছে বলে জানায় সেনাবাহিনী।
যুক্তরাষ্ট্রের এই হামলাকে ইরানি সেনাবাহিনী 'কাপুরুষোচিত আগ্রাসন' বলে আখ্যা দিয়েছে। দেশটির বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে—উপযুক্ত সময়ে এই অপরাধের চূড়ান্ত ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।



