কুয়েতের মার্কিন একাধিক সামরিক ঘাঁটিতে ফের ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী 'অপারেশন সায়েকাহ'-এর ২৫তম ধাপে এই সমন্বিত আক্রমণ পরিচালনা করে। শুক্রবার (২৪ জুলাই) ইরানের ছাত্র সংবাদ সংস্থা 'ইসনা' এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
ইসনার প্রতিবেদন অনুযায়ী, ইরান সেনাবাহিনী জানিয়েছে যে শত্রুভাবাপন্ন শক্তির সাম্প্রতিক আগ্রাসনের জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কয়েক ঘণ্টা আগে পরিচালিত এই হামলায় ইরানি সেনা বহরের অতি-বিধ্বংসী 'আরাশ' ড্রোন ব্যবহার করা হয়। ড্রোনের মূল লক্ষ্যবস্তু ছিল কুয়েতের আল-আদিরি ক্যাম্পে থাকা মার্কিন বাহিনীর সমরাস্ত্র ও সরঞ্জাম গুদাম, দোহা ব্যারাকসে অবস্থানরত মার্কিন সামরিক কর্মকর্তা ও সেনা সদস্য এবং আরিফজান ক্যাম্পে অবস্থিত মার্কিন বাহিনী।
ইরানের সেনাবাহিনী স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, শত্রুপক্ষের যেকোনো অপকর্ম ও ষড়যন্ত্রের যোগ্য জবাব দিতে তাদের এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা নিয়মিত অব্যাহত থাকবে। সেই সাথে সামরিক বাহিনী উল্লেখ করে, মার্কিন প্রেসিডেন্টের অহংকার ও উসকানিমূলক হুমকি কোনো কাজে আসবে না, বরং এটি ইরানি জনগণ ও সশস্ত্র বাহিনীর আত্মবিশ্বাস ও প্রতিরোধ গড়ে তোলার সংকল্পকে আরও সুদৃঢ় করবে।
পাশাপাশি, তেহরানের কঠোর হুঁশিয়ারি, কুয়েত কিংবা অঞ্চলে যেকোনো ধরনের নতুন সামরিক অ্যাডভেঞ্চার বা নতুন ফ্রন্ট খোলার চেষ্টা হবে যুক্তরাষ্ট্রের আরেকটি বড় কৌশলগত ভুল। বারবার পুরনো ভুল করার পরিণতি কেবল আগ্রাসীদের চরম অপমান ও লাঞ্ছনাই ডেকে আনবে। বিবৃতি শেষাংশে বলা হয়, বিজয়ের মধ্য দিয়ে গৌরব ও সার্বভৌমত্ব টিকে থাকবে ইরানের।



