ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে বৃহস্পতিবার (৯ জুলাই) মার্কিন বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির জনসংযোগ ও তথ্য বিভাগের এক বিবৃতির বরাত দিয়ে ইরনা জানায়, বৃহস্পতিবার ভোরে প্রদেশটির বিভিন্ন এলাকায় চালানো হামলায় ওই তিন সদস্য নিহত হন।
বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য একটি কৌশলগত পানিপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে তেহরান লক্ষ্যবস্তু করার পর যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় দিনের মতো ইরানের ওপর হামলা চালিয়েছে।
ইরান জোর দিয়ে বলেছে যে, প্রণালীটি অতিক্রম করার আগে জাহাজগুলোকে তাদের কর্তৃপক্ষের সাথে সমন্বয় করতে হবে এবং তাদের নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো পথ দিয়ে যাতায়াত করা যাবে না।
গত ১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্র তাদের সামরিক সংঘাতের অবসান এবং একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারকে পৌঁছেছিল।
তবে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তিটি ‘শেষ’ হয়ে গেছে, যা কার্যত নতুন করে সামরিক সংঘাতের সূত্রপাত করেছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



