প্রতি পাঁচ ইসরাইলির একজন দেশ ছাড়ার চিন্তায়: সমীক্ষায় চাঞ্চল্য

আগামী নির্বাচনে ইসরাইলিদের দেশত্যাগের এই প্রবণতা অন্যতম প্রধান আলোচনার বিষয় হতে যাচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইল ছাড়ছে একজন ইসরাইলি
ইসরাইল ছাড়ছে একজন ইসরাইলি |সংগৃহীত

ইসরাইলের প্রায় প্রদি পাঁচজন নাগরিকের মধ্যে একজন এখন দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন। সম্প্রতি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানের এক জনমত জরিপে এই তথ্য সামনে এসেছে।

মিডলইস্ট মনিটর সোমবার (১০ আগস্ট) জানিয়েছে, আগামী নির্বাচনে ইসরাইলিদের দেশত্যাগের এই প্রবণতা অন্যতম প্রধান আলোচনার বিষয় হতে যাচ্ছে।

রোববার সন্ধ্যায় 'কান' এই জরিপের ফল প্রকাশ করে। সেখানে দেখা যায়, অংশ নেওয়া শতকরা ৩২ ভাগ অর্থাৎ প্রায় এক-তৃতীয়াংশ মানুষ জানিয়েছেন, তারা চেনেন এমন কেউ না কেউ গত দুই বছরে ইসরাইল ছেড়ে অন্য দেশে চলে গেছেন।

জরিপে জানতে চাওয়া হয়েছিল, গত দুই বছরে তারা নিজেরা কখনো দেশ ছাড়ার কথা ভেবেছেন কি না। জবাবে ৮২ শতাংশের বিশাল বড় অংশ 'না' বললেও ১৮ শতাংশ মানুষ—অর্থাৎ প্রায় পাঁচজনের মধ্যে একজন স্বীকার করেছেন যে তারা দেশ ছেড়ে চলে যাওয়ার কথা চিন্তা করেছেন।

সামনে আগামী অক্টোবরে ইসরাইলে সাধারণ নির্বাচন। সেই নির্বাচন নিয়েও প্রশ্ন করা হয়েছিল জরিপে। শতকরা ১২ ভাগ মানুষ জানিয়েছেন, নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে তারা ইসরাইলে থাকবেন নাকি অন্য দেশে চলে যাবেন। অবশ্য প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ বলেছেন, নির্বাচনের ফলে তাদের থাকার সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না। আর শতকরা ২০ ভাগ মানুষ এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি।

ইসরাইল থেকে নাগরিকদের এই নিরবচ্ছিন্ন প্রস্থান দেশটির অভ্যন্তরীণ রাজনীতির গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।