ইরানের জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছেড়ে দিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নীতি নির্ধারণী পরিষদের সদস্য মোহসেন রেজাই এ তথ্য জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প, ইনসেটে মোহসেন রেজাই
ডোনাল্ড ট্রাম্প, ইনসেটে মোহসেন রেজাই |সংগৃহীত

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছেড়ে দিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নীতি নির্ধারণী পরিষদের সদস্য মোহসেন রেজাই এ তথ্য জানিয়েছেন।

তার দেয়া তথ্যমতে, ট্রাম্প ইরানের ২৪ বিলিয়ন ডলার সমমূল্যের অর্থ ছাড় দিতে সম্মত হলেও জনসমক্ষে তা স্বীকার করতে চাইছেন না।

রেজাই বলেন, মূলত ইরানের সামরিক সক্ষমতা আজ এমন এক উচ্চতায় পৌঁছেছে যে, ট্রাম্পের মতো ‘জুয়াড়ি’ নেতারাও এখন ইরানের সাথে সরাসরি আলোচনা করতে ভয় পাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিকে ইসরাইলের একটি ‘উপনিবেশ’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, মার্কিন জাতি এখন পুরোপুরি ইসরাইলের নিয়ন্ত্রণে চলে গেছে।

মোহসেন রেজাই বলেন, ইরানই বিশ্বের প্রথম দেশ যারা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫, এফ-১৫ যুদ্ধবিমান এবং অ্যাওয়াক্স নজরদারি বিমান ধ্বংস করে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। এই লড়াইয়ে রেভল্যুশনারি গার্ডের উদ্ভাবিত ‘অপ্রতিসম যুদ্ধকৌশল’ বড় সাফল্য এনে দিয়েছে।

তিনি আরো বলেন, এই কৌশলের কাছে কয়েক বিলিয়ন ডলারের মার্কিন বিমানবাহী রণতরী এবং কয়েক মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র আজ অসহায়। মাত্র কয়েক হাজার ডলারের ড্রোন এবং স্বল্পমূল্যের দ্রুতগামী স্পিডবোট দিয়েই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের দাপটকে রুখে দিচ্ছে ইরান।

ইরানের এই সামরিক অগ্রগতি বিশ্বজুড়ে দেশটির অবস্থানকে অনেক উঁচুতে নিয়ে গেছে বলে মনে করেন রেজাই।

তিনি জানান, ইরান যদি সাহসের সাথে এই প্রতিরোধ গড়ে না তুলত, তবে বিশ্ববাসী দেশটির সশস্ত্র বাহিনী ও জনগণের প্রকৃত সক্ষমতা সম্পর্কে কখনোই জানতে পারত না। এই লড়াই শুধু ইরানকে সুরক্ষিত করেনি, বরং বিশ্বমঞ্চে ইসলামী প্রজাতন্ত্রের কর্তৃত্ব ও সক্ষমতাকে নতুন করে পরিচিত করেছে।

সূত্র: তাসনিম নিউজ অ্যাজেন্সি