আল-আকসায় শত শত ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় ইহুদিদের তিশা বি’আভ উৎসব শুরু হওয়ার পর থেকে এক হাজার ৩০০ জনেরও বেশি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশ করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
আল-আকসা মসজিদ
আল-আকসা মসজিদ |ফাইল ছবি

পূর্ব জেরুসালেমে অবস্থিত আল-আকসা মসজিদে শত শত ইসরাইলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছেন।

ফিলিস্তিনের জেরুসালেম গভর্নরেট জানিয়েছে, বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় ইহুদিদের তিশা বি’আভ উৎসব শুরু হওয়ার পর থেকে এক হাজার ৩০০ জনেরও বেশি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশ করেছেন।

এ চত্বরটি ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। এখানে শুধুমাত্র মুসলিমদেরই নামাজ পড়ার অনুমতি রয়েছে। আল-আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং ফিলিস্তিনি জাতীয় পরিচয়ের প্রতীক। পাশাপাশি এটি ইহুদি ধর্মেরও পবিত্রতম স্থান। ৭০ সালে রোমানদের দ্বারা প্রাচীন মন্দির ধ্বংসের ঘটনাকে স্মরণ করে তিশা বি’আভ উৎসব উদযাপন করা হয়। ইহুদিরা এটিকে শোক দিবস হিসেবে পালন করে।

গভর্নরেটের মতে, ইসরাইলি পুলিশ একবারে প্রায় ১৫০ জনের বসতি স্থাপনকারী দলকে চত্বরে প্রবেশের অনুমতি দেয়। অংশগ্রহণকারীরা তেফিলিন পরিধান করে মসজিদের পূর্ব অংশে তাদের ভাষায় ‘মহাকাব্যিক সিজদা’ পালন করে এবং উচ্চস্বরে প্রার্থনা ও গান গায়।

এদিকে, ইসরাইলি বাহিনী মসজিদের ফটকগুলোতে এবং অধিকৃত পূর্ব জেরুসালেমের পুরনো শহর জুড়ে কঠোর বিধিনিষেধ আরোপ করে বেশিভাগ ফিলিস্তিনি মুসল্লিকে সেখানে প্রবেশে বাধা দেয়।

গভর্নরেট জানিয়েছে, খুব অল্পসংখ্যক লোকই ভোরের নামাজে অংশ নিতে পেরেছিলেন। এরপর ইসরাইলি বাহিনী তাদের কয়েকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

সূত্র: আল জাজিরা