ফিলিপাইনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৯, আহত ১৩৪

ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে এবং আহত হয়েছেন আরো ১৩৪ জন।

নয়া দিগন্ত অনলাইন
ফিলিপাইনে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন
ফিলিপাইনে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন |সংগৃহীত

ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে এবং আহত হয়েছেন আরো ১৩৪ জন।

সোমবার (৮ জুন) দেশটির বেসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা দফতরের পরিচালক রদ্রিগো সোসমেনার জানান, নিহতদের মধ্যে ১২ জন সোক্সারগেন অঞ্চলের বাসিন্দা। এই অঞ্চল চারটি প্রদেশ ও একটি শহর নিয়ে গঠিত (সাউথ কোটাবাটো, সুলতান কুদারাত, সারাঙ্গানি ও জেনারেল সান্তোস সিটি)।

তিনি আরো জানান, এই অঞ্চলে কমপক্ষে ১৩৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে মিন্দানাও দ্বীপের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস বলেছেন, বেসামরিক প্রতিরক্ষা দফতর ও জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদসহ জরুরি সংস্থাগুলোকে সক্রিয় করা হয়েছে।

জনগণকে সুনামির ঝুঁকি সম্পর্কে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: বিবিসি, আনাদোলু অ্যাজেন্সি