ব্রিটিশ স্টিল কোম্পানীকে পুরোপুরি রাষ্ট্রীয় মালিকানায় নেয়ার বিষয়ে যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে চীন।
বেইজিং শুক্রবার (১৭ জুলাই) আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলা এবং যুক্তরাজ্যে চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি সমান ও ন্যায্য আচরণ নিশ্চিত করতে লন্ডনের প্রতি আহ্বান জানিয়েছে।
চীনা প্রতিষ্ঠান জিংয়ে ২০২০ সালে ব্রিটিশ স্টিল কিনে নেয়। তবে আর্থিক সঙ্কটে থাকা কোম্পানিটিতে গত বছর যুক্তরাজ্য সরকার হস্তক্ষেপ করলে প্রতিষ্ঠানটি এর নিয়ন্ত্রণ হারায়।
জিংয়ে জানায়, উত্তর ইংল্যান্ডের স্কানথর্পে অবস্থিত কারখানাটি আর লাভজনকভাবে চালানো সম্ভব নয়। এরপর ব্রিটেনের কাঁচামাল থেকে সম্পূর্ণ ইস্পাত (স্টিল) উৎপাদনে সক্ষম সর্বশেষ এ কারখানাটি বন্ধ হওয়ার মুখে পড়ে।
এরই পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের এপ্রিলে যুক্তরাজ্য সরকার কারখানাটির নিয়ন্ত্রণ নেয়। চলতি বছরের মে মাসে সরকার এটিকে জাতীয়করণের জন্য আইন প্রণয়নের ঘোষণা দেয়।
বুধবার জাতীয়করণ-সংক্রান্ত আইন কার্যকর হওয়ার পর শুক্রবার এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাজ্য সরকারের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করে।
বিবৃতিতে অভিযোগ করা হয়, ‘জাতীয় নিরাপত্তার অজুহাতে’ ব্রিটিশ স্টিলের নিয়ন্ত্রণ জোরপূর্বক নিজেদের হাতে নিয়েছে যুক্তরাজ্য সরকার।
বিবৃতিতে আরো বলা হয়, ‘চীন যুক্তরাজ্য সরকারকে প্রাসঙ্গিক আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলার এবং যুক্তরাজ্যে চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি ন্যায্য আচরণ করার আহ্বান জানাচ্ছে।’
গত জুনে জিংয়ে দাবি করে, লন্ডন কারখানাটির পরিচালনার দায়িত্ব নেয়ার আগে প্রতিষ্ঠানটি যে বিনিয়োগ করেছিল, তার ফলে হওয়া ক্ষতির জন্য যুক্তরাজ্য সরকারের কাছে তারা ক্ষতিপূরণ চায়।
জাতীয়করণের ফলে ১৯৮৮ সালের পর এই প্রথমবারের মতো ব্রিটিশ স্টিল আবারো সরকারি মালিকানায় ফিরে এল।
সূত্র: বাসস



