আজারবাইজানের একটি গোলাবারুদের গুদামে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশপাশের এলাকা থেকে প্রায় পাঁচ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গভীর রাত থেকে বুধবার পর্যন্ত পশ্চিম আজারবাইজানের গোরানবয় জেলার নিজামি গ্রামের কাছে ওই গোলাবারুদের গুদামে আগুন জ্বলতে দেখা যায়। দেশটির জরুরি পরিস্থিতি, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, আগুন নিয়ন্ত্রণে জরুরি পরিস্থিতি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদস্যদের পাশাপাশি পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে অভিযান চালায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে নিরাপত্তার কথা বিবেচনা করে গুদামের আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
গোরানবয় জেলার উপপ্রধান নির্বাহী কর্মকর্তা সেইমুর নাজারভ সাংবাদিকদের জানান, নিজামি ও পাশের খয়লু গ্রামের বাসিন্দাদের কাছাকাছি নিরাপদ এলাকায় সরিয়ে নেয়া হয়েছে।
তিনি বলেন, ‘মোট পাঁচ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।’
জেলার জরুরি পরিস্থিতি মোকাবিলায় গঠিত কমিশনের প্রধান নাজারভ জানান, আগুন পুরোপুরি নেভেনি। মাঝেমধ্যে বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে। তবে আগুন যাতে আশপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সে জন্য কাজ চলছে এবং আগুন নেভানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, এখন পর্যন্ত কোনো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়নি। এ ঘটনায় কেউ নিহত বা আহত হননি এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
নিরাপত্তার কারণে দুই গ্রামের প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সরিয়ে নেয়া বাসিন্দাদের নিরাপদ স্থানে রাখা হয়েছে বলেও জানান নাজারভ।
সূত্র : বাসস



