ইন্দোনেশিয়ায় বাজারে আগুন লেগে শিশুসহ ১১ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে সোমবার (৭ সেপ্টেম্বর) একটি বাজারে আগুন লেগে ছয় শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। শিশুদের বয়স দুই থেকে নয় বছরের মধ্যে।

নয়া দিগন্ত অনলাইন
আগুনে সৃষ্ট ধোঁয়া
আগুনে সৃষ্ট ধোঁয়া |সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে সোমবার (৭ সেপ্টেম্বর) একটি বাজারে আগুন লেগে ছয় শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় পুলিশের মুখপাত্র হেনরি জে মানুরুঙ্গ জানান, মধ্য পাপুয়া প্রদেশের পানিয়াই শহরে মধ্যরাতের কিছুক্ষণ পর আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘পরিদর্শনের সময় কর্মকর্তারা দগ্ধ অবস্থায় ১১ জনের লাশ উদ্ধার করেন। মৃত ১১ জনের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন শিশু।’

হেনরি জানান, শিশুদের বয়স দুই থেকে নয় বছরের মধ্যে।

তিন ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকা আগুনে কমপক্ষে ৪০টি দোকান ও বাড়ি পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের গাড়ি ও পানির কামান মোতায়েন করা হলেও এ ক্ষয়ক্ষতি ঠেকানো যায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।

হেনরি বলেন, ‘আগুনের তীব্রতা এবং বাড়ি ও দোকানগুলো খুব ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন নেভানোর কাজে বেশ সময় লেগেছে।’

ইন্দোনেশিয়ায় আগুন লেগে প্রাণহানির ঘটনা নতুন নয়। গত ডিসেম্বরে মধ্য জাকার্তার একটি সাততলা অফিস ভবনে আগুন লেগে ২২ জনের মৃত্যু হয়।

২০২৩ সালে দেশটির পূর্বাঞ্চলের একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১২ জন মারা যান।

সূত্র : বাসস