জাপানের প্রধান রকেট ‘এইচ৩’ শুক্রবার (১২ জুন) সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ছয়টি ছোট উপগ্রহ (স্যাটেলাইট) নিয়ে রকেটটি মহাকাশের উদ্দেশে রওনা দেয়। উৎক্ষেপণের সরাসরি সম্প্রচারিত ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে ইঞ্জিন বিকল হওয়ার কারণে এ ‘এইচ৩’ রকেটটি একটি ভূ-অবস্থান নির্ধারণকারী (জিওলোকেশন) উপগ্রহ কক্ষপথে পাঠাতে ব্যর্থ হয়েছিল। সেই ব্যর্থতার পর আজকের এই উৎক্ষেপণটি সম্পন্ন হলো।
উৎক্ষেপণের প্রায় ছয় মিনিট পর জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন অ্যাজেন্সি (জাক্সা) ইউটিউবে সরাসরি সম্প্রচারকালে জানায়, ‘রকেটের দ্বিতীয় পর্যায়ের দহন, অ্যাকশন কন্ট্রোল ও গতিপথ সবকিছুই স্বাভাবিক রয়েছে।’
জাক্সা জানিয়েছে, রকেটটিতে যে উপগ্রহগুলো রয়েছে, সেগুলোর মধ্যে টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্সের ‘উমিতসুবামে’ অন্যতম। এটি একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন ক্যামেরার সাহায্যে পৃথিবী ও অন্যান্য লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ করবে। এছাড়া শিজুওকা ইউনিভার্সিটির ‘শিরাইতো’ নামের আরেকটি উপগ্রহ রয়েছে, যা মহাকাশের বর্জ্য বা আবর্জনা ধরার প্রযুক্তি পরীক্ষা করছে।
সূত্র: বাসস



