চীনের কিংহাই প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো চারজন।
মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
জরুরি কর্তৃপক্ষের বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার উত্তর-পশ্চিম চীনের কিংহাই প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে এবং আরো চারজন আহত হয়েছেন।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার জানিয়েছে, কিংহাই প্রদেশের হাইশি এলাকায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী কয়লা খনিগুলো থেকে শ্রমিকদের সরিয়ে নেয়া হয়েছে এবং কর্তৃপক্ষ এখনো হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণ করছে।
এর আগে রাষ্ট্রীয় সংস্থা সিনহুয়া জানিয়েছিল যে, উদ্ধারকারী দলগুলো তাদের কার্যক্রম চালাচ্ছে এবং দ্বিতীয় পর্যায়ের দুর্যোগের ঝুঁকি মূল্যায়ন করছে।
চীনের ভূমিকম্প প্রশাসন জরুরি অবস্থা জারি করেছে। ভূমিকম্পের পর একাধিকবার আফটারশক অনুভূত হয়েছে। এর মধ্যে মধ্যে একটি আফটারশকের মাত্রা ছিল ৪ দশমিক ৯।
সূত্র: রয়টার্স


