ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে অংশ নিয়েছিল। দুর্ঘটনার পর সেটিতে আগুন ধরে যায় এবং আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ঘটনাটিকে ঘিরে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নয়া দিগন্ত অনলাইন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৫ জুন) সকাল ১১টা ২০ মিনিটে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে অংশ নিয়েছিল। দুর্ঘটনার পর সেটিতে আগুন ধরে যায় এবং আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ঘটনাটিকে ঘিরে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিবিসির খবরে বলা হয়েছে, এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটির কমান্ডার কর্নেল জেমস হেইস এক সংবাদ সম্মেলনে বলেন, “আজ আমাদের ঘাঁটিতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমরা আটজন নিবেদিতপ্রাণ আমেরিকানকে হারিয়েছি।”

তিনি জানান, নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মচারী এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা রয়েছেন। দুর্ঘটনার পরপরই প্রাথমিক মূল্যায়নে আরোহীদের জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই বলে ধারণা করা হয়। নিহতদের স্বজনদের অবহিত করার প্রক্রিয়া চলছে এবং আনুষ্ঠানিকভাবে পরিচয় প্রকাশের আগে পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ সম্পন্ন করা হবে।

কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাটি ঘাঁটির রানওয়ে এলাকার ভেতরেই ঘটেছে। এ কারণে সাময়িকভাবে ঘাঁটির কিছু কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। বিমানটি ঘাঁটির রাডার আধুনিকীকরণ কর্মসূচির অংশ হিসেবে পরীক্ষামূলক দায়িত্ব পালন করছিল বলে জানা গেছে।

প্রাথমিক ভিডিও ফুটেজ ও ঘটনাস্থলের পরিস্থিতি পর্যালোচনার পর উদ্ধারকারী দল নিশ্চিত হয় যে দুর্ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ এবং আরোহীদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না।

বি-৫২ বিশ্বের অন্যতম পরিচিত দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান। দীর্ঘ সময় আকাশে অবস্থান ও বিপুল পরিমাণ অস্ত্র বহনের সক্ষমতার কারণে এটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। বিমানটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে এবং প্রায় ৭০ হাজার পাউন্ড পর্যন্ত অস্ত্র বহনে সক্ষম।

আকাশে জ্বালানি গ্রহণের সুবিধা থাকায় বি-৫২ দীর্ঘ দূরত্বে অভিযান পরিচালনা করতে পারে। সাধারণত এ ধরনের বিমানে পাঁচজন ক্রু সদস্য দায়িত্ব পালন করেন, যার মধ্যে থাকেন বিমান কমান্ডার, পাইলট, নেভিগেটর, রাডার নেভিগেটর এবং ইলেকট্রনিক যুদ্ধ কর্মকর্তা।

উল্লেখ্য, এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটি ক্যালিফোর্নিয়ার মোহাভি মরুভূমিতে অবস্থিত। এটি লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান পরীক্ষণ ও গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত।