ভেনিজুয়েলা বৃহস্পতিবার (১১ জুন) ব্রিটিশ জ্বালানি কোম্পানি শেলকে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও রফতানির লাইসেন্স দিয়েছে।
এই অনুমোদনের মাধ্যমে কোম্পানিটি দেশটির বিশাল গ্যাস সম্পদ ব্যবহার করে উৎপাদন ও রফতানি কার্যক্রম শুরু করতে পারবে।
মার্কিন সামরিক অভিযানে ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর ওয়াশিংটনের চাপে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানুয়ারিতে ভেনিজুয়েলার আইনসভায় একটি সংস্কার আইন পাস করেন। এর মাধ্যমে খাতটি বিদেশী বিনিয়োগের জন্য উন্মুক্ত করা হয়।
রদ্রিগেজ বলেন, শেল কোম্পানি ২৩ বছর ধরে পরিত্যক্ত থাকা লোরান গ্যাসক্ষেত্র উন্নয়ন করবে। এটিতে সাতটি প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে। এর মধ্যে ছয়টি ত্রিনিদাদ ও টোবাগোর সাথে সামুদ্রিক সীমান্ত বরাবর অবস্থিত।
তিনি বলেন, এই প্রকল্প ভেনিজুয়েলাকে গ্যাস উন্নয়ন এবং গ্যাস রফতানিকারক হিসেবে একটি গুরুত্বপূর্ণ ধাপে এগিয়ে নিতে সহায়তা করবে।
ধারণা করা হয়, ভেনিজুয়েলার কাছে বিশ্বের বৃহত্তম তেল মজুদ রয়েছে এবং দেশটি প্রাকৃতিক গ্যাসেও সমৃদ্ধ।
রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি পিডিভিএসএ জানায়, শেলের প্রতিনিধিরা বৃহস্পতিবার সকালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মোনাগাস রাজ্যে অবস্থিত গ্যাস প্রক্রিয়াকরণ ও বিতরণ কেন্দ্র মুসকার অপারেশনাল কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
২০২৩ সালে ভেনিজুয়েলা এবং ত্রিনিদাদ ও টোবাগো শেলের সাথে ড্রাগন নামের আরেকটি ক্ষেত্র থেকে গ্যাস উৎপাদন ও রফতানির জন্য চুক্তি স্বাক্ষর করে। এ ক্ষেত্রে ১২০ বিলিয়ন ঘনমিটার গ্যাস মজুদ রয়েছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের আরোপিত তেল নিষেধাজ্ঞার সময় এটি অনিয়মিতভাবে চালু ছিল।
রদ্রিগেজ প্রশাসন ব্রিটেনের বিপি এবং স্পেনের রেপসলসহ বিশ্বের বেশ কয়েকটি শীর্ষ তেল কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে।
সূত্র: বাসস



