মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনা কোনো সহজ সোজা পথে এগোচ্ছে না।
তিনি বলেন, আলোচনার অগ্রগতি কখনো ধীর, কখনো ওঠানামায় ভরা। বুধবার (৫ আগস্ট) ফক্স নিউজ-কে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি খোলাসা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে সব বাধা পার হয়ে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্যই ভালো ফল আসবে বলে তিনি আশাবাদী।
অনুষ্ঠানের সঞ্চালক লরা ইনগ্রাহামের সাথে আলাপকালে ভ্যান্স স্বীকার করেন, এই আলোচনার ধীরগতি দেখে সাধারণ আমেরিকানদের মন খারাপ হওয়াটা অস্বাভাবিক নয়। প্রক্রিয়ার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, 'কখনো কখনো বিষয়টি এমন দাঁড়ায় যে— এক পা এগোলে দুই পা পেছাতে হয়, আবার পরে তিন পা এগিয়ে এক পা পেছানো লাগে।'
অগ্রগতির এই অনিয়মিত অবস্থার পেছনে ইরানের ভেতরের নেতৃত্বের তীব্র বিভেদকে দায়ী করেন ভ্যান্স। তার মতে, ইরানি কর্মকর্তাদের একটি পক্ষ লড়াই থামিয়ে সমঝোতা চায়, কিন্তু 'উগ্র চরমপন্থীরা' এই সংঘাত চালিয়ে যেতে মরিয়া। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের মূল কাজই হলো এই জটিল পরিস্থিতি সামলে নিজেদের জনগণের জন্য সেরা ফলটি বের করে আনা।
কূটনৈতিক এই পথ চলায় আসা সমালোচনা সামলাতেও তৈরি তিনি। মার্কিন পররাষ্ট্রনীতির কঠোরপন্থীদের সমালোচনাকে নাকচ করে ভ্যান্স স্পষ্ট করে বলেন, 'এই যুদ্ধকে সফল সমাপ্তির দিকে নেওয়ার চেষ্টার পুরো দায় যদি তারা আমার ওপর চাপাতে চায়, তবে আমি তা সানন্দে মেনে নিতে রাজি।'
আলোচনা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে— এমন দৃঢ়বিশ্বাস পুনর্ব্যক্ত করে ভ্যান্স জানান, এর ফলে বাজারে তেলের দাম আরো কমবে। একই সাথে তিনি সাফ জানিয়ে দেন, ইরান 'কখনো পরমাণু অস্ত্র পাবে না'।



