কলম্বিয়ায় কয়লাখনিতে বিস্ফোরণে ৭ শ্রমিক নিহত

কলম্বিয়ার একটি অবৈধ কয়লাখনিতে মিথেন গ্যাস জমে যাওয়ার কারণে সৃষ্ট বিস্ফোরণে সাতজন শ্রমিক নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
কয়লাখনি
কয়লাখনি |সংগৃহীত

কলম্বিয়ার একটি অবৈধ কয়লাখনিতে মিথেন গ্যাস জমে যাওয়ার কারণে সৃষ্ট বিস্ফোরণে সাতজন শ্রমিক নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ শুক্রবার (৫ জুন) এ তথ্য জানিয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সুতাতাউসা শহরের কেন্দ্রে এ বিস্ফোরণটি ঘটে।

জাতীয় খনি সংস্থা জানায়, বিস্ফোরণের কিছুক্ষণ পরেই প্রথম ভুক্তভোগীর লাশ উদ্ধার করা হয়। এরপর শুক্রবার আরো পাঁচজন খনি শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

আঞ্চলিক গভর্নর হোর্হে এমিলিও রে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মৃতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে বলে জানিয়েছেন।

তিনি বলেন, জাতীয় খনি সংস্থা এই দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য যথাযথ তদন্ত চালাবে।

এই দুর্ঘটনায় সুতাতাউসা আজ শোক পালন করছে।

মধ্য কলম্বিয়ায় বৈধ ও অবৈধ উভয় কয়লাখনিতেই দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে, যার প্রধান কারণ হলো শ্রমিকদের নিরাপত্তা বিধি মেনে না চলা।

গত মে মাসে আরো দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটে, যার মধ্যে একটি সুতাতাউসাতেই ঘটেছিল। ওই ঘটনাগুলোতে মোট ১৩ জন খনি শ্রমিকের মৃত্যু হয়।

সূত্র: বাসস