দুর্নীতির মামলায় ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

চীনা একটি কোম্পানির কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে দুর্নীতির মামলায় ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট লেনিন মোরেনোকে শুক্রবার (২৮ আগস্ট) পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

নয়া দিগন্ত অনলাইন
ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট লেনিন মোরেনো
ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট লেনিন মোরেনো |সংগৃহীত

চীনা একটি কোম্পানির কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে দুর্নীতির মামলায় ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট লেনিন মোরেনোকে শুক্রবার (২৮ আগস্ট) পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। কোম্পানিটি ইকুয়েডরে সবচেয়ে বড় পানিবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছিল।

শুক্রবার ইকুয়েডরের সরকারি কৌঁসুলির কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মোরেনোসহ মোট ২০ জনকে এ মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। মামলাটি চীনের সিনোহাইড্রো কোম্পানির নির্মিত কোকা কোদো সিনক্লেয়ার পানিবিদ্যুৎ কেন্দ্রের সাথে জড়িত।

দুর্নীতির অভিযোগের সময়, ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার সরকারের অধীনে ভাইস প্রেসিডেন্ট ছিলেন মোরেনো।

রাফায়েল কোরেয়ার সমর্থন নিয়ে মোরেনো প্রেসিডেন্ট হন। তবে পরে রাজনৈতিকভাবে ডানপন্থার দিকে ঝুঁকে এবং যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলায় তার রাজনৈতিক গুরু কোরিয়ার সাথে সম্পর্কের অবনতি ঘটে।

মোরেনো ইতোমধ্যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন। একই মামলায় তার স্ত্রী ও আরো কয়েকজন স্বজনকে সহযোগিতার অভিযোগে প্রায় তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে কৌঁসুলিরা মোরেনোর জন্য সাড়ে ছয় বছরের কারাদণ্ড চেয়েছিলেন।

৭৩ বছর বয়সী মোরেনো শারীরিকভাবে পঙ্গু। তিনি জাতিসঙ্ঘের প্রতিবন্ধীবিষয়ক বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রায়ের পর শুক্রবার তিনি দাবি করেন, সিনোহাইড্রোর কাছ থেকে তিনি ‘একটি পয়সাও’ নেননি।

মোরেনো এ মামলার জন্য ‘কোরেয়া শাসনামলকে’ দায়ী করেন। তিনি বলেন, তার সাবেক রাজনৈতিক সমর্থক এবং পরবর্তী সময়ে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা রাফায়েল কোরেয়া তার বিরুদ্ধে ‘প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।’ দুর্নীতির আরেক মামলায় কোরেয়াও দোষী সাব্যস্ত হয়েছেন। বর্তমানে তিনি বেলজিয়ামে বসবাস করছেন।

কৌঁসুলিরা জানিয়েছেন, সিনোহাইড্রো মোট সাত কোটি ৬০ লাখ ডলার ঘুষ দিয়েছে, যা পানিবিদ্যুৎ প্রকল্পটির মোট ব্যয়ের প্রায় ৪ শতাংশ।

মোরেনোর সাথে একই মামলায় বিদ্যুৎকেন্দ্রটির সাবেক দুই ব্যবস্থাপকও দোষী সাব্যস্ত হয়েছেন।

সূত্র : বাসস