মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপের মুখে থাকা কিউবার ‘রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার’ কথা উল্লেখ করে এয়ার কানাডা শুক্রবার (৫ জুন) জানিয়েছে যে, তারা অনির্দিষ্টকালের জন্য কিউবায় তাদের ফ্লাইট পরিষেবা স্থগিত করছে।
কানাডার জাতীয় বিমান সংস্থা জানায়, ভবিষ্যৎ ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে গ্রাহকদের আরো নিশ্চয়তা দেয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে, তারা ফেব্রুয়ারিতে কিউবাগামী ফ্লাইট নভেম্বর পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছিল।
মন্ট্রিয়লভিত্তিক কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, ‘কিউবার রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকায় আমরা দেশটিতে আমাদের সেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছি।’
পর্যটন খাতে কানাডার পর্যটকরা কিউবার একটি বড় অংশ হলেও সাম্প্রতিক সময়ে আয় কমে গেছে।
প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন দ্বীপটিতে জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ও সেখানে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছে।
গত সপ্তাহে কানাডাভিত্তিক ব্লু ডায়মন্ড রিসোর্টস কিউবায় তাদের ৬২টি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে।
জ্বালানি অবরোধের কারণে জানুয়ারি থেকে কিউবা ডিজেল সঙ্কটে ভুগছে, ফলে দেশটিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে দৈনিক ২২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে ও পানির সঙ্কটও তৈরি হয়েছে।
পরিবহন ব্যবস্থা কার্যত স্থবির হয়ে পড়ায় দ্বীপটিতে খাদ্য ও ওষুধেরও ঘাটতি দেখা দিয়েছে। ফলে এটি মেক্সিকো ও চীন থেকে আসা সহায়তা চালানের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
সূত্র: বাসস



