ইরানের ওপর হামলায় বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম অ্যাক্সিওসের খবরে এ কথা বলা হয়েছে।
গত ২১ জুলাই রাতে ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলায় দূরপাল্লার একটি বি-১ বোমারু বিমান ব্যবহার করা হয় বলে তারা জানায়।
খবরটিতে বলা হয়েছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ১২ দিন আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলা শুরু হওয়ার পর এই প্রথম এ ধরনের বোমারু বিমান ব্যবহার করল যুক্তরাষ্ট্র।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি প্রথম দফায় যুদ্ধ শুরুর পর ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলায় বি-২ বোমারু বিমান ব্যবহার করা হয়েছিল।
অ্যাক্সিওস বলছে, মার্কিন বি-১ বোমারু বিমানটি যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটি থেকে অভিযানে অংশ নিয়েছিল। এ ধরনের সামরিক বিমান প্রায় ৯০০ কিলোগ্রামের বেশি ওজনের ২৪টি বোমা কিংবা কয়েক ডজন ক্রুজ মিসাইল বহনে সক্ষম।
নতুন সংঘাতে বি-১ বোমারু বিমানের ব্যবহার ইঙ্গিত দিচ্ছে যে, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের পরিধি উল্লেখযোগ্যমাত্রায় বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।
যদিও মার্কিন সামরিক বাহিনী মঙ্গলবারের হামলা নিয়ে যে বিবৃতি প্রকাশ করেছে, সেখানে বি-১ বোমারু বিমান ব্যবহারের বিষয়টি উল্লেখ করেনি।
সূত্র: বিবিসি



