রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দেয়ার পর পেরুর ১১ নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও আরো ১১৪ জন নিখোঁজ রয়েছেন। রোববার (৯ আগস্ট) পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, রাশিয়া থেকে ৩১ পেরুভিয়ানকে উদ্ধার করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে ৪৫৯ জনকে যুদ্ধে অংশগ্রহণকারী হিসেবে শনাক্ত করা হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, ‘সরকারি তথ্য অনুযায়ী, এটি নিশ্চিত করা হয়েছে যে ৪৫৯ জন পেরুভিয়ান নাগরিক এই যুদ্ধে অংশ নিয়েছিলেন। দুর্ভাগ্যবশত, তাদের মধ্যে ১১ জন প্রাণ হারিয়েছেন, ১১৪ জন নিখোঁজ রয়েছেন এবং তিনজন ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে ধরা পড়েছেন।’
মন্ত্রণালয়টি পেরুভিয়ানদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত ভুয়া চাকরির প্রস্তাবে সাড়া না দেয়ার জন্য সতর্ক করেছে এবং মানব পাচার চক্রের শিকার হওয়ার ঝুঁকির কথা উল্লেখ করেছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



