মার্কিন সাইবার হামলায় জড়িত থাকার অভিযোগে ১৭ ইরানির বিরুদ্ধে চার্জগঠন

মার্কিন কর্মকর্তাদের মতে অভিযুক্তরা একটি সুসংগঠিত সাইবার অভিযানের সাথে যুক্ত। তারা জোরপূর্বক কম্পিউটারে সংরক্ষিত নথিপত্রে প্রবেশ করে বিপুল পরিমাণ তথ্য হাতিয়ে নিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সাইবার হামলার প্রতীকী ছবি
সাইবার হামলার প্রতীকী ছবি |সংগৃহীত

বিশ্বজুড়ে শত শত বিশ্ববিদ্যালয়, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থায় বড় ধরনের সাইবার চুরি ও তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগে ১৭ জন ইরানি নাগরিকের বিরুদ্ধে চার্জগঠন করেছে মার্কিন বিচার বিভাগ। অভিযুক্তরা ইরানভিত্তিক ‘মাবনা ইনস্টিটিউট’-এর সদস্য।

আল জাজিরা, বুধবার (১৯ আগস্ট) জানিয়েছে, মার্কিন কর্মকর্তাদের মতে অভিযুক্তরা একটি সুসংগঠিত সাইবার অভিযানের সাথে যুক্ত। তারা জোরপূর্বক কম্পিউটারে সংরক্ষিত নথিপত্রে প্রবেশ করে বিপুল পরিমাণ তথ্য হাতিয়ে নিয়েছে।

মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, এই চক্রটি বিশ্বজুড়ে ব্যাপক অনুপ্রবেশ চালিয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪৪টি বিশ্ববিদ্যালয় ও বিশ্বের অন্যান্য দেশের ১৭৮টি বিশ্ববিদ্যালয় আক্রান্ত হয়। এর পাশাপাশি বেশ কয়েকটি মার্কিন সরকারি সংস্থা ও বহু বেসরকারি প্রতিষ্ঠানে তারা সফলভাবে হামলা চালায়। সাইবার আক্রমণের মাধ্যমে অভিযুক্তরা ৩১ টেরাবাইটেরও বেশি একাডেমিক তথ্য ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি চুরি করেছে।

মার্কিন বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, এই সাইবার অনুপ্রবেশের একটি বড় অংশ ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসির স্বার্থে পরিচালিত হয়েছে। এছাড়া ইরানের সরকার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্রেতাদের চাহিদা অনুযায়ী তারা এই তথ্যগুলো সংগ্রহ করেছিল।

উল্লেখ্য, অভিযুক্ত ১৭ জনের মধ্যে নয়জনের বিরুদ্ধে এর আগে ২০১৮ সালে প্রথম চার্জগঠন করা হয়। সম্প্রতি নতুন করে আরো আটজনকে এই তালিকায় অন্তর্ভুক্ত করে বিচার বিভাগ। এর মাধ্যমে পুরো সাইবার চক্রটিকে আইনি প্রক্রিয়ার আওতায় আনার উদ্যোগ নিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।