বলিভিয়ার পূর্বাঞ্চলে শনিবার (৬ জুন) সরকারবিরোধী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে কমপক্ষে চার পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। সড়ক অবরোধ তুলে দেয়ার অভিযানের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সান্তা ক্রুজ থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগের দাবিতে গ্রামীণ শ্রমিকরা ওই অবরোধ কর্মসূচি পালন করছিলেন।
মধ্য-ডানপন্থী প্রেসিডেন্ট পাজের পদত্যাগ দাবিতে এক মাস ধরে চলা বিক্ষোভে দেশটির স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। সারা দেশে প্রায় ১০০টি সড়ক অবরোধের কারণে বড় শহরগুলোতে খাদ্য ও ওষুধের তীব্র সঙ্কট দেখা দিয়েছে।
শনিবার সান্তা ক্রুজ অঞ্চলের সান জুলিয়ান শহরে সড়ক অবরোধ সরাতে অভিযান চালায় পুলিশ। এ সময় দাঙ্গা নিয়ন্ত্রণ পুলিশকে সামরিক যানবাহন সহায়তা দেয় এবং তারা টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
সান্তা ক্রুজ বলিভিয়ার কৃষি উৎপাদনের প্রধান কেন্দ্র। এখান থেকেই দেশটির পশ্চিমাঞ্চলে খাদ্য সরবরাহ করা হয়।
ঘটনাস্থলে থাকা এএফপির এক প্রতিবেদক জানান, পুলিশের অগ্রযাত্রা ঠেকাতে বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করেন এবং টায়ারে আগুন ধরিয়ে দেন।
সান্তা ক্রুজের পুলিশ প্রধান কর্নেল ডেভিড গোমেজ স্থানীয় গণমাধ্যমকে জানান, সংঘর্ষে মোট ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে চারজন গুলিবিদ্ধ হন। পরে নিরাপত্তা বাহিনী পিছু হটে।
ওমবাডসম্যানের কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ সংঘর্ষে কমপক্ষে ১৪ জন বেসামরিক নাগরিকও আহত হয়েছেন।
একপর্যায়ে সড়কটি আংশিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হলেও পরে বিক্ষোভকারীরা আবার সেখানে অবরোধ গড়ে তোলেন।
যুক্তরাষ্ট্র-সমর্থিত ও ব্যবসাবান্ধব হিসেবে পরিচিত পাজ গত নভেম্বরে দায়িত্ব নেন। তিনি কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে ওঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তার অজনপ্রিয় অর্থনৈতিক সংস্কার কর্মসূচি এবং সামাজিক দাবির প্রতি পর্যাপ্ত সাড়া দিতে না পারায় জনঅসন্তোষ বেড়েছে।
পাজ বারবার বিক্ষোভকারীদের সাথে সংলাপের আহ্বান জানিয়েছেন। তবে বুধবার তিনি জরুরি অবস্থা ঘোষণার একটি বিল উত্থাপনের ঘোষণা দেন। বিলটি পাস হলে অবরোধ দমনে সেনা মোতায়েনের অনুমতি মিলবে। বর্তমানে বিলটি কংগ্রেসে আলোচনাধীন রয়েছে।
অবরোধের কারণে লা পাজ, এল আল্টো, কোচাবাম্বা, ওরুরো ও পোটোসি শহরে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ দ্রুত কমে আসছে।
সরকারের অভিযোগ, সাবেক সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট ইভো মোরালেস এই অস্থিরতার পেছনে ভূমিকা রাখছেন। এক কিশোরীর সাথে সম্পর্ক এবং তার মাধ্যমে সন্তান জন্মদানের অভিযোগে দায়ের করা মামলার কারণে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন জোট ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ প্রেসিডেন্ট পাজের প্রতি প্রকাশ্য সমর্থন জানায়। মাদক কার্টেলবিরোধী এ জোটে আর্জেন্টিনা, বলিভিয়া ও চিলিসহ যুক্তরাষ্ট্রপন্থী কয়েকটি দেশের সরকার অংশ নিয়েছে।
সূত্র: বাসস



