যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতামুক্ত থাকবে মেক্সিকোর ৮০ শতাংশের বেশি রফতানি পণ্য

মেক্সিকোর অর্থমন্ত্রী মার্সেলো এব্রার্ড জানান, যেসব পণ্য ইউএসএমসিএ চুক্তির আওতায় পড়ে না, সেগুলো নতুন শুল্কের আওতায় আসবে।

নয়া দিগন্ত অনলাইন
মেক্সিকোর অর্থমন্ত্রী মার্সেলো এব্রার্ড
মেক্সিকোর অর্থমন্ত্রী মার্সেলো এব্রার্ড |ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে মেক্সিকোর রফতানি করা পণ্যের ৮০ শতাংশের বেশি নতুন মার্কিন শুল্কের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মার্সেলো এব্রার্ড। বৃহস্পতিবার তিনি বলেন, ওয়াশিংটন ঘোষিত নতুন দফার শুল্ক থেকে মেক্সিকোর বেশিরভাগ রফতানি পণ্য রক্ষা পাবে।

এএফপি এ খবর জানিয়েছে।

জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ তদন্তের পর যুক্তরাষ্ট্র প্রায় ৬০টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে। শুক্রবার থেকে এসব শুল্ক কার্যকর হবে।

অর্থমন্ত্রী এব্রার্ড বলেন, মেক্সিকোর অধিকাংশ রফতানি এতে ক্ষতিগ্রস্ত হবে না, কারণ সেগুলো ২০২০ সালে স্বাক্ষরিত আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা (ইউএসএমসিএ) চুক্তির শর্ত পূরণ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘মেক্সিকোর ৮০ শতাংশের বেশি রফতানি পণ্য আমাদের মুক্ত বাণিজ্য চুক্তি, ইউএসএমসিএ’র নিয়ম মেনে চলে। অর্থাৎ এতে কোনো পরিবর্তন হচ্ছে না।’

সরকারি তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার মেক্সিকো। ২০২৫ সালের জুন থেকে চলতি বছরের মে পর্যন্ত দেশটি যুক্তরাষ্ট্রে ৫৫৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি পণ্য রফতানি করেছে।

বৃহস্পতিবার দুই দেশের আলোচনাকারীরা ইউএসএমসিএ চুক্তির কিছু সংশোধনী নিয়ে চূড়ান্ত বৈঠক করেন। এর আগে, ওয়াশিংটন এ চুক্তিকে ত্রুটিপূর্ণ বলে সমালোচনা করেছিল।

মেক্সিকোর জন্য নতুন শুল্কের হার নির্ধারণ করা হয়েছে ১০ শতাংশ। অন্যদিকে কয়েকটি দেশের জন্য এই হার সর্বোচ্চ ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত হবে।

মেক্সিকোর অর্থমন্ত্রী এব্রার্ড জানান, যেসব পণ্য ইউএসএমসিএ চুক্তির আওতায় পড়ে না, সেগুলো নতুন শুল্কের আওতায় আসবে।

তিনি বলেন, ‘মেক্সিকো বর্তমানে যে শুল্ক দিচ্ছে, তাতে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত আমাদের যে অবস্থান ছিল, সেটিরও কোনো পরিবর্তন হচ্ছে না।’