মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাস উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবারের এ ভূমিকম্পে পার্শ্ববর্তী গুয়াতেমালা ও এল সালভাদরের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়। এর পরিপ্রেক্ষিতে উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল মেক্সিকোর পুয়ের্তো মাদেরো শহরের কাছে এবং এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উপকেন্দ্রের ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিপজ্জনক সুনামি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূমিকম্পের তীব্রতায় গুয়াতেমালা সিটির বিভিন্ন ভবন কেঁপে ওঠে। আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে সরকারি ভবন থেকে নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে নেয়ার দৃশ্য দেখা গেছে।
এদিকে মেক্সিকোর ওক্সাকা অঙ্গরাজ্যের গভর্নর সালোমন জারা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, রাজ্যের রাজধানীতে ভূমিকম্পটি মাঝারি মাত্রায় অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো গুরুতর ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।



