মুসলমান হওয়ায় মার্কিন শপিং মলের কর্মীর ওপর ছুরি হামলা

'এই ভয়াবহ হামলা আবারও মনে করিয়ে দিল যে মুসলিমবিদ্বেষী বক্তব্যের বাস্তব পরিণতি কতটা মারাত্মক হতে পারে।'

নয়া দিগন্ত অনলাইন
আক্রমণস্থল
আক্রমণস্থল |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের একটি শপিং মলে এক মুসলিম কর্মীকে ১৫ বারের বেশি ছুরিকাঘাত করা হয়েছে। হামলাকারী পুলিশকে জানিয়েছে, ইসলাম ধর্মের হওয়ার কারণেই সে ওই কর্মীকে হত্যা করতে চেয়েছিল। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বুধবার (১৫ জুলাই) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু অ্যাজেন্সি এই খবর দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য সল্ট লেক ট্রিবিউন জানায়, গত সোমবার ওয়েস্ট ভ্যালি সিটির ভ্যালি ফেয়ার মলে সোহেল নামের ওই কর্মীর কাছে আসে ৪৮ বছর বয়সী এক হামলাকারী। সে সামান্য কথাবার্তা বলে ওই কর্মীর নাম ও ধর্ম জানতে চায়। ওয়েস্ট জর্ডানের ইউটা ইসলামিক সেন্টারের ইমাম শুয়াইব দ্বীনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওই কর্মী যখন পানির বোতল আনতে যান, তখনই তার ওপর হামলা চালানো হয়। ইমাম আক্রান্ত কর্মীর পরিবারের সাথে যোগাযোগ রাখছেন।

স্থানীয় গণমাধ্যম কেইউটিভি জানায়, সন্দেহভাজন হামলাকারীর নাম পিটার লারসেন। সোমবার মলে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই কয়েকজন পথচারী হামলাকারীকে জাপটে ধরেন এবং তার হাত থেকে ছুরিটি কেড়ে নেন। ধস্তাধস্তির সময় পথচারীদের মারধরে হামলাকারীও আহত হয়। বর্তমানে আক্রান্ত কর্মী ও হামলাকারী দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন।

আক্রান্ত কর্মীর চিকিৎসার জন্য 'গো ফান্ড মি' ওয়েবসাইটে তহবিল সংগ্রহ শুরু হয়েছে। সেখানে জানানো হয়, তার হাত, হার্ট ও ফুসফুসে অস্ত্রোপচারের প্রয়োজন। অন্যদিকে, হামলাকারী লারসেনকে বিনাজামিনে সল্ট লেক কাউন্টি জেলে পাঠানো হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুসলিম নাগরিক অধিকার সংগঠন, কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার)। একই সাথে তারা মার্কিন সরকারি কর্মকর্তাদের মুসলিমবিদ্বেষী বক্তব্য বর্জন করার আহ্বান জানিয়েছে।

কেয়ার-এর জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ এক বিবৃতিতে বলেন, 'এই ভয়াবহ হামলা আবারও মনে করিয়ে দিল যে মুসলিমবিদ্বেষী বক্তব্যের বাস্তব পরিণতি কতটা মারাত্মক হতে পারে।'

সংস্থাটি জানায়, ২০২৫ সালে তারা ৮,৬৮৩টি মুসলিমবিদ্বেষী অভিযোগ নথিভুক্ত করেছে, যা ১৯৯৬ সালের পর সর্বোচ্চ। ইউটা মুসলিম সিভিক লিগও এ ঘটনাকে বিদ্বেষমুলক অপরাধ হিসেবে নিন্দা জানিয়েছে এবং সাহসিকতার সাথে এগিয়ে আসা পথচারীদের প্রশংসা করেছে।