পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনী সন্দেভাজন একটি মাদক পাচারকারী জাহাজে বুধবার (৩ জুন) হামলা চালিয়েছে। এতে দু’জন নিহত হয়েছেন। মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) এ তথ্য জানিয়েছে।
মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সাউথকম বলেছে, ‘গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে, জাহাজটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচারের পথ ধরে চলাচল করছিল এবং মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল।’
এতে আরো বলা হয়েছে, ‘এই অভিযানে দু’জন পুরুষ মাদক-সন্ত্রাসী নিহত হয়েছেন। এতে মার্কিন সামরিক বাহিনীর কোনো সদস্য আহত হননি।’
এ ঘটনাটি এই অঞ্চলে মাদক পাচারকারী নৌকাগুলোকে লক্ষ্য করে চালানো একটি বৃহত্তর সামরিক অভিযানের অংশ, যেখানে গত সেপ্টেম্বর থেকে ৬০টিরও বেশি হামলায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার গোষ্ঠীগুলো সতর্ক করেছে যে, এই হামলাগুলো আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ এবং তা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল হতে পারে।
তাদের মতে, এই হামলাগুলো বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হচ্ছে বলে মনে হচ্ছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



