ইরানের সাথে সংঘাত দেখিয়ে দিয়েছে যে যুদ্ধ করার সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান টেড লিউ বলেছেন, ইরানের সাথে সংঘাত দেখিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের যুদ্ধ করার সক্ষমতা নেই এবং তারা নিজেদের মিত্র ও সামরিক ঘাঁটিগুলোও রক্ষা করতে পারছে না।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান টেড লিউ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান টেড লিউ |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান টেড লিউ বলেছেন, ইরানের সাথে সংঘাত দেখিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের যুদ্ধ করার সক্ষমতা নেই এবং তারা নিজেদের মিত্র ও সামরিক ঘাঁটিগুলোও রক্ষা করতে পারছে না।

রোববার (৩০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘আমাদের একটি নতুন প্রতিরক্ষা কৌশল প্রয়োজন। ইরানের সাথে যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যেতে পারে না এবং নিজেদের সামরিক ঘাঁটি বা মিত্রদেরও রক্ষা করতে সক্ষম নয়।’

টেড লিউ আরো বলেন, ‘বছরের পর বছর ভুল পদক্ষেপ নেয়ার কারণেই এসব দুর্বলতা তৈরি হয়েছে। আমাদের সামরিক বাহিনীর মোতায়েনের ধরন পরিবর্তন করতে হবে।’

ওয়াশিংটন পোস্ট রোববার এক প্রতিবেদনে জানায়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরো বিস্তৃত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা দেশটির যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে সতর্ক করার পর টেড লিউ এই মন্তব্য করেন।

প্রতিবেদনে বলা হয়, বিমান, নৌ ও স্থলবাহিনীর প্রধানসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা ১৪ আগস্টে এক প্রতিবেদনে হেগসেথকে সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান অব্যাহত রাখা সম্ভব নয়।

তারা সতর্ক করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলের হুমকি মোকাবেলার সক্ষমতা দুর্বল হয়ে পড়তে পারে—এমনকি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকিও এর আওতায় রয়েছে।

সূত্র : পার্সটুডে