বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের উত্তেজনা রূপ নিয়েছে বিষাদে। রাউন্ড অব ৩২-এর ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর দুর্দান্ত জয় উদযাপন করতে গিয়ে মেক্সিকো সিটিতে সমর্থকদের ভিড়ে শ্বাসরুদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার ভোরের দিকে রাজধানী শহরটির স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।
শহরের অন্যতম প্রধান স্মৃতিস্তম্ভ ‘অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স’-এর কাছে এ ঘটনা ঘটে। সেখানে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর ২-০ গোলের জয় উদযাপনের জন্য হাজার হাজার ফুটবল সমর্থক সমবেত হয়েছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সেবাদানকারী দলগুলো ‘পাসেও দে লা রেফর্মা’ এলাকার বিভিন্ন স্থানে তিনজন অচেতন ব্যক্তিকে সহায়তা প্রদান করে। রাজধানীর এই প্রধান রাজপথ এবং এর আশপাশের রাস্তাগুলো যান চলাচলের জন্য বন্ধ রেখে ফুটবল উদযাপনের উপযোগী করা হয়েছিল।
স্বাস্থ্য বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে জানায়, উন্নতমানের জীবনরক্ষাকারী চিকিৎসা দেয়ার পরও শ্বাসকষ্টের কারণে ৪৪ বছর বয়সী এক পুরুষ ও ১৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
পরবর্তী এক পোস্টে বিভাগটি আরো জানায়, ৪৮ বছর বয়সী আরেক নারীকে শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার পর কাছের একটি রাস্তায় চিকিৎসা দেয়া হয়েছিল এবং হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
শহরের মেয়র ক্লারা ব্রুগাদা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সবাইকে দায়িত্ববোধ, সতর্কতা ও সহমর্মিতার সাথে আনন্দ উদযাপন করার আহ্বান জানিয়েছেন।
সূত্র : রয়টার্স



