বিরল লিভার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছিলেন শিশু ব্রুকলিন ডটসন। চিকিৎসকরা জানিয়েছিলেন, লিভার প্রতিস্থাপন ছাড়া তাঁকে বাঁচানোর আর কোনো পথ নেই। শেষ পর্যন্ত ১০ বছর বয়সী এক কিশোরের অঙ্গদানে নতুন জীবন পান তিনি। সেই ঘটনার দুই দশকেরও বেশি সময় পর অঙ্গদাতা সেই কিশোরের ছোট ভাই নোয়া ওয়াটার্সের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ব্রুকলিন।
বুধবার (১২ আগস্ট) আলজাজিরা জানায়, ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ‘ইয়র্ক পোস্ট’র প্রতিবেদনেও এ তথ্য জানানো হয়েছে।
আলজাজিরা জানায়, ২০০৩ সালে ব্রুকলিনের একটি বিরল লিভার রোগ ধরা পড়ে। তখন তার জীবন বাঁচাতে দ্রুত লিভার প্রতিস্থাপনের প্রয়োজন হয়। এ সময় ওহাইওর ডেটনের ১০ বছর বয়সী মাইকেল ওয়াটার্স সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুপথযাত্রী ছিল। অল্প বয়সেই মাইকেল অঙ্গদানের ইচ্ছা প্রকাশ করেছিল। তার বাবা-মা সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে মৃত্যুর পর তার লিভার দান করেন। সেই লিভারের মাধ্যমেই ব্রুকলিনের জীবন বেঁচে যায়।
এরপর দুই পরিবারের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে। সময়ের সাথে সাথে ব্রুকলিন মাইকেলের পরিবারের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। একপর্যায়ে মাইকেলের ছোট ভাই নোয়া ওয়াটার্সের সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে। পরে সেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়।
দীর্ঘদিন একে অপরকে জানার পর ব্রুকলিন ও নোয়া সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন। আগামী সেপ্টেম্বর তাদের বিয়ে হওয়ার কথা।
ব্রুকলিন বলেন, মাইকেলের নিঃস্বার্থ অঙ্গদানের কারণেই তিনি আজ বেঁচে আছেন। জীবনের প্রতিটি দিন তিনি মাইকেলের স্মৃতিকে সম্মানের সাথে ধারণ করতে চান। হবু দম্পতি জানিয়েছেন, পরিবার ও বন্ধুদের ভালোবাসা ও সমর্থন নিয়ে তারা জীবনের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত।
সূত্র : আলজাজিরা



