যুক্তরাষ্ট্র শুক্রবার (৪ সেপ্টেম্বর) সৌদি আরবের কাছে পাঁচ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এই অস্ত্রের মধ্যে রয়েছে বোমা, বোমার লক্ষ্য নির্ধারণ ও পরিচালনার জন্য ব্যবহৃত গাইডেন্স কিট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে বলেছে, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রির ফলে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে। এর মাধ্যমে দেশটি বর্তমান ও ভবিষ্যতের আঞ্চলিক হুমকি মোকাবেলা করতে পারবে, নিজ ভূখণ্ডের প্রতিরক্ষা জোরদার হবে এবং মার্কিন বাহিনী ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য অংশীদারদের ব্যবহৃত প্রতিরক্ষা ব্যবস্থার সাথে সমন্বয় আরো উন্নত হবে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধে সৌদি আরব বারবার হামলার শিকার হয়েছে।
পররাষ্ট্র দফতর বলেছে, এই অস্ত্র বিক্রি ‘ন্যাটো জোটের সদস্য নয়, এমন একটি প্রধান মিত্রের নিরাপত্তা জোরদারের মাধ্যমে’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নেও এটি সহায়তা করবে।
চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে ইরানি বাহিনী এবং তেহরান-সমর্থিত ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা সৌদি আরবকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
সৌদি আরবের কাছে বোমা বিক্রির এই প্রস্তাব সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দফতর কংগ্রেসকে অবহিত করেছে। তবে চূড়ান্তভাবে অস্ত্র বিক্রির জন্য এখনো মার্কিন আইনপ্রণেতাদের অনুমোদনের প্রয়োজন রয়েছে।
সূত্র : বাসস



