ইথিওপিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৮

ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সোমবার (১৫ জুন) একটি বাস গভীর খাদে পড়ে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। বিপুলসংখ্যক মানুষ এই দুর্ঘটনায় আহত হন।

নয়া দিগন্ত অনলাইন
দুর্ঘটনাকবলিত বাস
দুর্ঘটনাকবলিত বাস |সংগৃহীত

ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সোমবার (১৫ জুন) একটি বাস গভীর খাদে পড়ে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। বিপুলসংখ্যক মানুষ এই দুর্ঘটনায় আহত হন।

স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটির অনেক সড়কের অবস্থা নাজুক।

স্থানীয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানায়, আমহারা অঞ্চলের ডেসি শহর থেকে রাজধানী আদ্দিস আবাবাগামী বাসটি প্রায় ১০০ মিটার গভীর একটি খাদে পড়ে যায়।

কর্মকর্তারা জানায়, দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো অনেক যাত্রী গুরুতর ও সামান্য আহত হয়েছেন।

আহতদের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেয়া হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে ইথিওপিয়ার দক্ষিণে এক বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া যাত্রীবাহী একটি যানবাহন নদীতে পড়ে যায়। এতে ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

সূত্র: বাসস