কেপ ভার্দেতে বাস খাদে পড়ে শিশু-কিশোরসহ নিহত ২৫

কেপ ভার্দের ফোগো দ্বীপে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিভাগই শিশু ও কিশোর-কিশোরী। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
৩২ যাত্রীসহ বাসটি গভীর খাদে পড়ে গেছে
৩২ যাত্রীসহ বাসটি গভীর খাদে পড়ে গেছে |সংগৃহীত

কেপ ভার্দের ফোগো দ্বীপে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিভাগই শিশু ও কিশোর-কিশোরী। রোববার (৬ সেপ্টেম্বর) দেশটির সরকারি রেডিও নেটওয়ার্ক আরসিভি এ তথ্য জানিয়েছে।

সাও ফিলিপে শহরের বেসামরিক সুরক্ষা প্রধান হোসে কানুতো সাংবাদিকদের জানান, শনিবার এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

পশ্চিম আফ্রিকার এই দ্বীপপুঞ্জে এ ধরনের ঘটনা বিরল, কারণ এখানকার রাস্তাঘাটের অবস্থা সাধারণত ভালো থাকে।

কানুতো ও অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষ জানান, পিকো দো ফোগো আগ্নেয়গিরির জ্বালামুখের ভেতরে অবস্থিত চা দাস কালডেইরাস গ্রামে ভ্রমণ শেষে সাও ফিলিপে ফেরার পথে ৩২ যাত্রীসহ বাসটি রাস্তা থেকে ছিটকে একটি গভীর খাদে পড়ে যায়।

নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। প্রতি বছর শিক্ষার্থীদের স্কুলে পৌঁছে দেয়ার জন্য উপহার হিসেবে এই অনন্য স্থানে ভ্রমণের আয়োজন করতেন তিনি।

বাসের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন কর্মীরা।

রোববার ভোরে সাতজনকে কবর দেয়া হয়। আরসিভির তথ্য অনুযায়ী, বাকিদের দিনের পরবর্তী সময়ে কবর দেয়ার কথা ছিল।

সূত্র : এএফপি