নাইজেরিয়ায় তেল পাচারের সময় বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের মৃত্যু

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের রিভার্স অঙ্গরাজ্যে অবৈধভাবে খনিজ তেল পাচারের সময় বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পাইপলাইন থেকে খনিজ তেল পাচারের সময় এ ঘটনা ঘটে
পাইপলাইন থেকে খনিজ তেল পাচারের সময় এ ঘটনা ঘটে |সংগৃহীত

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিভার্স স্টেটে অবৈধভাবে খনিজ তেল পাচারের সময় বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ওক্রিকা এলাকার ওকারি জেটিতে মধ্যরাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, সেখানে একটি জাহাজ রফতানির জন্য খনিজ তেল বোঝাই করছিল।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওক্রিকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে ২০০ জনেরও বেশি যুবক নৌকায় করে এসে পাইপলাইনের অবৈধ সংযোগস্থল থেকে তেল পাচার করার চেষ্টা করেন।

তবে এ সময় তীব্র বিষাক্ত ধোঁয়ায় তারা শ্বাসরুদ্ধ হয়ে পড়েন। এতে বেশ কয়েকজন জ্ঞান হারান এবং কেউ কেউ নদীতে পড়ে ডুবে মারা যান বলে জানা গেছে।

নাইজেরিয়ার পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে বলেন, এ ঘটনার ভয়াবহতা উদঘাটনে তদন্ত চলছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি