ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে (ডিআরসি) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৭৮৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখন পর্যন্ত পাঁচ হাজার ৭৯৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ডিআরসির উত্তর কিভু প্রদেশের বিয়েনা ও মাঙ্গুরেডজিপা অঞ্চলেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ নিয়ে মোট ৬০টি এলাকা ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
আক্রান্ত প্রদেশগুলোতে সশস্ত্র সংঘাত, বাস্তুচ্যুতি এবং চিকিৎসাকর্মী ও চিকিৎসাকেন্দ্রের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এই প্রাদুর্ভাবটি এখন ইতিহাসের সবচেয়ে মারাত্মক ইবোলা মহামারীকেও ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। ২০১৪ থেকে ২০১৬ সালে পশ্চিম আফ্রিকায় হওয়া ওই প্রাদুর্ভাবে ১১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
সূত্র : আল জাজিরা



