সুইডেনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভো কার্স জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের বিক্রি কমেছে। প্রতিষ্ঠানটি বলেছে, তারা ‘অত্যন্ত চ্যালেঞ্জিং’ ব্যবসায়িক পরিবেশের মুখোমুখি হয়েছে। তবে বছরের দ্বিতীয়ার্ধে বিক্রি বাড়বে বলে তারা আশা করছে।
স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি জানায় প্রধান নির্বাহী কর্মকর্তা হাকান স্যামুয়েলসন বলেন, ‘দ্বিতীয় প্রান্তিকের মাধ্যমে ২০২৬ সালের অস্থির প্রথমার্ধ শেষ হলো। চীনের বাজারে আমাদের বিক্রি কমেছে। একইসাথে মধ্যপ্রাচ্যের সংঘাতে বৈশ্বিক অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় পুরো শিল্পখাতও দুর্বল হয়েছে।’
এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে ভলভো কার্সের রাজস্ব দাঁড়িয়েছে ৭৭ দশমিক সাত বিলিয়ন ক্রোনা (৮ দশমিক ০৫ বিলিয়ন ডলার)। আগের বছরের একই সময়ে তা ছিল ৯৩ দশমিক ৫ বিলিয়ন ক্রোনা।
এ সময়ে বিক্রি হওয়া গাড়ির সংখ্যা ৬ শতাংশ কমে এক লাখ ৭১ হাজার ৫০০-তে নেমে এসেছে।
প্রতিষ্ঠানটির নিট মুনাফা হয়েছে ৪১৭ মিলিয়ন ক্রোনা। আগের বছরের একই সময়ে তাদের ৮ দশমিক ১ বিলিয়ন ক্রোনা নিট লোকসান হয়।
স্যামুয়েলসন বলেন, সামনে কিছু ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে।
তিনি বলেন, ‘কয়েক মাস ধরে বিক্রি কমার পর যুক্তরাষ্ট্রের বাজারে ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে। মে ও জুন টানা দুই মাস প্রবৃদ্ধি হয়েছে।’ এই পুনরুদ্ধার অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরো জানান, ইউরোপে প্রবৃদ্ধির সাথে মিলিয়ে বছরের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে ভলভো কার্সের বিক্রি ‘উল্লেখযোগ্যভাবে বেশি’ হবে বলে তারা প্রত্যাশা করছেন।
স্যামুয়েলসন জানান, ব্যয় কমানোর উদ্যোগেও অগ্রগতি হয়েছে।
গত বছর ভলভো কার্স ১৮ বিলিয়ন ক্রোনার ব্যয় কমানোর পরিকল্পনা ঘোষণা করেছিল। বাসস



