মাদককারবারির বাড়িতে জনতার আগুন দেয়ার ঘটনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে হামলার দাবি করে ছড়ানো একটি ভিডিওকে বিভ্রান্তিকর বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। তাদের যাচাই অনুযায়ী, ভিডিওটি ফরিদপুরে মাদককারবারি আয়ুব আলী ও ময়না বেগমের বাড়িতে স্থানীয় জনতার আগুন দেয়ার ঘটনার, রাজনৈতিক হামলার নয়।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাফ্যাক্টের লোগো
বাংলাফ্যাক্টের লোগো |সংগৃহীত

মাদককারবারির বাড়িঘরে আগুন দেয়ার ঘটনাকে আওয়ামী লীগের সমর্থকের বাড়িতে ভাঙচুর উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি আওয়ামী লীগ করার কারণে এক ব্যক্তির বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে এমন দাবি করে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। গত ৫ জুন সকালে ফরিদপুরের আলগী ইউনিয়নের মাদককারবারি আয়ুব আলী ও ময়না বেগমের বাড়িঘর ভেঙ্গে আগুন ধরিয়ে দেয় স্থানীয় জনতা। এটি সে ঘটনার ভিডিও।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

সূত্র : বাসস