দেশের পুঁজিবাজারে শিগগিরই ফিন্যান্সিয়াল ডেরিভেটিভস বাজার চালুর বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর অংশ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃক দাখিল করা বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি অনুমোদন করেছে কমিশন।
গৃহীত পরিকল্পনা অনুযায়ী, ইনডেক্স ফিউচারস দিয়ে ২০২৮ সালের জানুয়ারি মাসে ডিএসইতে ফিন্যান্সিয়াল ডেরিভেটিভস পণ্যের আনুষ্ঠানিক লেনদেন শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কমিশনের ১০৯তম সভায় এ অনুমোদন দেয়া হয়।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: আবুল কালাম জানান, ডেরিভেটিভস বাজার চালুর লক্ষ্যে ডিএসই প্রায় ২২টি প্রয়োজনীয় মানদণ্ড নির্ধারণ করে কোন কাজ কখন সম্পন্ন করবে, তার একটি বিস্তারিত সময়সূচি বা কর্মপরিকল্পনা কমিশনের কাছে জমা দিয়েছিল। কমিশন আজ সেই কর্মপরিকল্পনাই চূড়ান্ত অনুমোদন করেছে।
তিনি বলেন, ২০২৮ সালের জানুয়ারি মাসে ডেরিভেটিভস লেনদেন শুরুর কথা বলা হলেও তার অর্থ এই নয় যে এর আগে তা চালু করা সম্ভব নয়। ডিএসই চাইলে প্রয়োজনীয় প্রস্তুতি ও অবকাঠামোগত উন্নয়ন আগে শেষ করে ২০২৭ সালেও এই বাজার চালু করতে পারে। তবে ডিএসইর দাখিলকৃত মূল কর্মপরিকল্পনায় ২০২৮ সালের জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু করার সময়সীমা ধরা হয়েছে।
মুখপাত্র আরো জানান, ডেরিভেটিভস বাজার চালুর আগে প্রয়োজনীয় নিয়ন্ত্রক কাঠামো তৈরি, লেনদেন ব্যবস্থার আধুনিকায়ন ও অবকাঠামোগত ভিত্তি স্থাপন, ক্লিয়ারিং ও সেটেলমেন্ট এবং ঝুঁকি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ প্রাথমিক কার্যক্রমগুলো সম্পন্ন করতে হবে। এসব কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে কি না, তা বিএসইসি কঠোরভাবে তদারকি করবে।
কমিশন মনে করে, বাংলাদেশের পুঁজিবাজারে ফিন্যান্সিয়াল ডেরিভেটিভস চালু হলে বিনিয়োগের পরিধি বাড়ার পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনার নতুন ক্ষেত্র তৈরি হবে। এ কারণেই শিগগিরই এই বাজার চালুর বিষয়টিকে কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বাসস



