আরো ৫ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিলো ডিএসই

আজকের পাঁচটিসহ এ পর্যন্ত মোট ৬৬টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দেয়া হয়েছে। এর মধ্যে ৫৬টি ব্রোকারেজ হাউজ ফিক্স সার্টিফিকেশন পাওয়ার পর এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জ |সংগৃহীত

এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর লক্ষ্যে আরো পাঁচটি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি।

সার্টিফিকেশন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো এম্পেরর সিকিউরিটিজ অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড, গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেড, মো: ফখরুল ইসলাম সিকিউরিটিজ লিমিটেড, এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড এবং স্টক অ্যান্ড বন্ড লিমিটেড।

বুধবার (১২ আগস্ট) ডিএসই’র বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো: আসিফুর রহমান প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ফিক্স সার্টিফিকেশন তুলে দেন।

এ সময় ডিএসইর ভারপ্রাপ্ত প্রধান আর্থিক কর্মকর্তা ও মহাব্যবস্থাপক (মার্কেট ডেভেলপমেন্ট) সাইয়িদ মাহমুদ জুবায়ের, উপমহাব্যবস্থাপক মো: শফিকুর রহমান, জিশান মুহাম্মদ বিন হাসানসহ ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসই সূত্র জানায়, ২০২০ সাল থেকে এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ভিত্তিক ব্রোকার হাউজ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (বিএইচওএমএস) চালুর উদ্যোগ নেয়া হয়। এর ধারাবাহিকতায় নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে লেনদেন পরিচালনার জন্য ৯৩টি ব্রোকারেজ হাউজ ডিএসইতে আবেদন করে।

আজকের পাঁচটিসহ এ পর্যন্ত মোট ৬৬টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দেয়া হয়েছে। এর মধ্যে ৫৬টি ব্রোকারেজ হাউজ ফিক্স সার্টিফিকেশন পাওয়ার পর এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে।

ডিএসই বলছে, এপিআইভিত্তিক নিজস্ব ওএমএস চালুর ফলে ব্রোকারেজ হাউজগুলোর লেনদেন পরিচালনা আরো আধুনিক ও প্রযুক্তিনির্ভর হবে এবং পুঁজিবাজারের ডিজিটাল অবকাঠামো আরো শক্তিশালী হবে। বাসস