মার্কিন বাজারে শুল্কমুক্ত সুবিধায় বাংলাদেশের পোশাক পণ্য রফতানি বৃদ্ধির প্রত্যাশায় এবং স্থানীয় স্পিনিং মিলগুলোর জন্য কাঁচামালের ন্যায্য মূল্য ও স্বচ্ছ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে দেশের প্রথম ডিজিটাল কাঁচা তুলার বাজার ‘কটনপোর্ট’ (CottonPort) চালু করেছে আমেরিবাংলা করপোরেশন।
যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশী (এনআরবি) উদ্যোক্তাদের তৈরি আমেরিবাংলা করপোরেশন মার্কিন বাজারে বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উন্মোচন করেন আমেরিবাংলা করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসওয়ার রহমান। দুই বছর ধরে প্রযুক্তিগত উন্নয়নের পর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে সংগৃহীত ৮২ টন উচ্চমানের কাঁচা তুলার প্রাথমিক প্রস্তাব নিয়ে প্ল্যাটফর্মটি সরাসরি কার্যক্রম শুরু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আসওয়ার রহমান প্ল্যাটফর্মটিকে মধ্যস্বত্বভোগীদের বাধামুক্ত বা ‘মার্চেন্ট ব্যারিয়ার ফ্রি’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এর মাধ্যমে ঐতিহাসিক বাজার একচেটিয়াত্ব দূর হবে এবং স্থানীয় ক্রেতারা দর-কষাকষির ক্ষমতা ফিরে পাবেন। স্থানীয় স্পিনিং মিলগুলো দীর্ঘদিন ধরে একটি ‘বন্দি বাজার’ (captive market) হিসেবে পরিচালিত হয়ে আসছিল, যেখানে মন্দার সময় মিল মালিকদের মূল্যের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না।
তিনি আরো জানান, ইতোমধ্যে ৩০টিরও বেশি স্পিনিং মিলের মালিক এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি মার্কিন তুলা কেনার আগ্রহ প্রকাশ করেছেন। আসওয়ার রহমান বলেন, ‘সরাসরি আমেরিকান কৃষকদের কাছ থেকে তুলা কেনার মাধ্যমে বাংলাদেশী প্রস্তুতকারকদের সাথে মার্কিন বাজারের একটি শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠবে, যা আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রফতানি বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে টেক্সটাইল ও বাণিজ্যিক খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যাদের মধ্যে প্রাইম ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী ইউসুফ বিন রাজ্জাক, ডিভাইন টেক্সটাইলের মার্কেটিং প্রধান খুরশিদ আলম রিমন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) প্রকৌশলী আলী আহমেদ খান, ব্যুরো ভেরিটাস আরপির সাবেক কান্ট্রি প্রধান নির্বাহী মো: গোলাম কিবরিয়া এবং ইন্টারন্যাশনাল তুলার (ইন্টারকোট) ব্যবস্থাপনা পরিচালক আফসানা রহমান উপস্থিত ছিলেন।
সপ্তাহে ২৪ ঘণ্টা ও ৭ দিন পরিচালিত এই ডিজিটাল প্ল্যাটফর্মটির প্রধান বৈশিষ্ট্যগুলো হলো :
পরিবর্তনশীল মূল্য (ডাইনামিক প্রাইসিং): ক্রেতা অফার গ্রহণ না করা পর্যন্ত প্রতিদিন কাঁচামালের মূল্য ধারাবাহিকভাবে কমতে থাকবে।
লজিস্টিক সুবিধা: তুলা কন্টেইনার হিসেবে বিক্রি করায় ছোট ও মাঝারি মিলগুলো সরাসরি কেনার সুযোগ পাবে। তালিকাভুক্ত সব কন্টেইনার ইতোমধ্যেই চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে চালানে রয়েছে এবং তা সরাসরি ক্রেতার গুদামে পৌঁছে দেয়া হবে।
প্রত্যয়িত অনুসরণযোগ্যতা (সার্টিফাইড ট্রেসিবিলিটি) : সরবরাহ ব্যবস্থাটি ‘অল আমেরিকান কটন’ সার্টিফিকেশন এবং ইউএস কাস্টমসের সমর্থন দ্বারা সুরক্ষিত।
২০২৬ সালে কটনপোর্ট প্রাথমিকভাবে প্রতি মাসে ১০টি কন্টেইনার দিয়ে ট্রায়াল পিরিয়ড পরিচালনা করবে। পরবর্তী সময়ে ২০২৮ সালের মধ্যে প্রতি মাসে ১,৬০০টি কন্টেইনার বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে।
আমেরিবাংলা করপোরেশনের মূল লক্ষ্য হলো ২০৪৫ সালের মধ্যে পণ্য রফতানি, যন্ত্রপাতি বাণিজ্য ও মূলধনী অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বর্তমানের প্রায় ১০ বিলিয়ন ডলার থেকে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করা।



