বিশ্বের পর্যটন ব্যবসায়ীদের নিয়ে ঢাকায় ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট’ শুরু

এই ট্রাভেল মার্টের লক্ষ্য হলো বাংলাদেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক বাজারের সাথে আরো কার্যকরভাবে সংযুক্ত করা এবং দেশী ও বিদেশী পর্যটন প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি করা।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকায় ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট’ শুরু
ঢাকায় ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট’ শুরু |সংগৃহীত

বাণিজ্য সম্প্রসারণ, নেটওয়ার্কিং এবং বিশ্ববাজারে শক্তিশালী সংযোগ গড়ে তোলার লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬’।

দেশী-বিদেশী পর্যটন ব্যবসায়ীদের মেলবন্ধনে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে তিন দিনব্যাপী চলবে এ মেলা।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া) আয়োজিত প্রথমবারের মতো এই মেলায় দেশ-বিদেশের ট্যুর অপারেটর, ট্রাভেল অ্যাজেন্সি, এয়ারলাইনস, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএমসি), পর্যটন সংস্থাসহ বিভিন্ন ভ্রমণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইংলেটসহ সরকারি কর্মকর্তা, পর্যটন শিল্পের প্রতিনিধি এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠন বোটোয়া জানায়, এবারের মেলায় প্রায় ১০০টি প্রতিষ্ঠান এবং ৬০ জন বাণিজ্যিক ক্রেতা অংশ নিচ্ছেন। তিন দিনের এই আয়োজনে প্রায় ১৫ হাজার দর্শনার্থী আসবেন বলে আশা করছেন তারা।

আয়োজকরা জানিয়েছেন, এই ট্রাভেল মার্টের লক্ষ্য হলো বাংলাদেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক বাজারের সাথে আরো কার্যকরভাবে সংযুক্ত করা এবং দেশী ও বিদেশী পর্যটন প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি করা।

উদ্বোধনের দিন সরেজমিনে বিভিন্ন স্টল ঘুরে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। তারা বিভিন্ন দেশের দর্শনীয় স্থান সম্পর্কে জানার পাশাপাশি ট্যুর প্যাকেজ, বিমানের ভাড়া, থাকা-খাওয়ার সুবিধা ও ভিসা সংক্রান্ত খোঁজখবর নিচ্ছেন এবং সেগুলো যাচাই-বাছাই করছেন।

মেলার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে বোটোয়া’র সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বলেন, ‘আমরা বাংলাদেশ ট্রাভেল মার্টকে কেবল একটি প্রদর্শনী হিসেবে দেখছি না। এটি বাংলাদেশের পর্যটন ব্যবসার সাথে আন্তর্জাতিক পর্যটন বাজারের সরাসরি সংযোগ স্থাপনের একটি বড় প্ল্যাটফর্ম।’

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো দেশী-বিদেশী ক্রেতা-বিক্রেতা এবং পর্যটন সেবা প্রদানকারীদের এক ছাদের নিচে এনে ব্যবসার প্রকৃত সুযোগ তৈরি করা।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম শরিফ বলেন, এই মেলাকে আমরা আন্তর্জাতিক মানের এমন একটি বাণিজ্যক প্ল্যাটফর্মে রূপ দিতে চাই, যেখানে প্রদর্শনীর পাশাপাশি গঠনমূলক ব্যবসায়িক আলোচনা ও বিটুবি (বিজনেস-টু-বিজনেস) বৈঠকের সুযোগ থাকবে। এছাড়া সাধারণ ভ্রমণকারীরাও মেলায় এসে সরাসরি বিভিন্ন কোম্পানির সাথে কথা বলে অফার যাচাই-বাছাই করার সুযোগ পাবেন।

এবারের মেলায় পর্যটন ব্যবসায়ী ও সাধারণ দর্শনার্থীদের জন্য আলাদাভাবে বিটুবি (বিজনেস-টু-বিজনেস) এবং বিটুসি (বিজনেস-টু-কনজিউমার) কার্যক্রমের ব্যবস্থা রাখা হয়েছে। বিটুবি পর্বে পেশাদার পর্যটন ব্যবসায়ীরা দেশী-বিদেশী ক্রেতা-বিক্রেতাদের সাথে বৈঠক ও ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে পারবেন। অন্যদিকে, বিটুসি পর্বে সাধারণ দর্শনার্থীরা নিজেদের পছন্দমতো বিভিন্ন ট্যুর প্যাকেজ, বিমানের টিকিট এবং ভিসা সেবা সম্পর্কে সরাসরি তথ্য নিতে ও যাচাই করতে পারবেন।

মেলায় দেশী-বিদেশী বিভিন্ন ট্যুর প্যাকেজ, বিমানের টিকিট, হোটেল ও রিসোর্ট বুকিং, ভিসা প্রক্রিয়াকরণ সেবাসহ ভ্রমণের আকর্ষণীয় সব অফার দেয়া হচ্ছে। পর্যটনপ্রেমী ও ব্যবসায়ীদের জন্য আকর্ষণীয় এ মেলা চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। বাসস