সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ পর্যালোচনার অনুরোধ বাণিজ্য মন্ত্রণালয়ের

চিঠিতে গত ৭ সেপ্টেম্বর এনবিআরের জারি করা আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

দেশীয় বস্ত্রকলকে সুরক্ষা দিতে বন্ড সুবিধায় ১০-৩০ কাউন্টের কটন (তুলা) সুতা আমদানির সুবিধা প্রত্যাহার করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওই আদেশ স্থগিত করে তা অধিকতর পর্যালোচনার অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-৮ শাখা থেকে এনবিআরকে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।

চিঠিতে গত ৭ সেপ্টেম্বর এনবিআরের জারি করা আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপপ্রধান (রফতানি-৮ শাখা) মোহাম্মদ খায়রুল আলমের সই করা চিঠিটি এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতায় ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানি সংক্রান্ত আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করার অনুরোধ করা হয়।

সূত্র : বাসস